নজরবন্দি ব্যুরো: পুজোর মরসুমের মাঝেই আচমকা লক্ষ্মীবারে কলকাতাজুড়ে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রেশন দুর্নীতির মামলায় ইডির একটি দল সকাল সকাল পৌঁছে গিয়েছে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে। সেখানে চলছে জোর তল্লাশি। কিন্তু এই তদন্তের মাঝেই আচমকা খাদ্যমন্ত্রীর বাড়িতে হাজির বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। শুধু তাই নয়, মিষ্টি হাতে এদিন বিজয়া করতে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যান সব্যসাচী দত্ত।
আরও পড়ুন: রাজ্যপালের অভ্যর্থনায় আপত্তি! দুর্গারত্ন, পুরস্কার মূল্য ফেরাল টালা প্রত্যয়-কল্যাণী


জানা গিয়েছে, এদিন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের সঙ্গে ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিংহ রায় এবং ৩৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞ্জন পোদ্দার। যদিওবা প্রথমে তাঁদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠে। যেহেতু গেটের প্রহরায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা অবশ্য তাঁকে ঢুকতে দেননি। এরপরে বাইরে থেকেই মিষ্টির প্যাকেট মন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাইলে ইডির এক আধিকারিক জানান, এখন তদন্ত চলছে।

তবে এই ভাবে আচমকা দুর্নীতির তদন্তের মাঝে মিষ্টির প্যাকেট হাতে সব্যসাচীর আগমন, রীতিমত শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এপ্রসঙ্গে তৃণমূলের রাজারহাটের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী জানান, “আমরা কেউই সকাল থেকে টিভি দেখিনি। তাই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির অভিযানের বিষয়টি আমাদের জানা ছিল না। আমরা প্রতিবছরের মতই এবছরও শারদীয়ার শুভেচ্ছা জানাতেই মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলাম।”



প্রসঙ্গত, সাত সকালে খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি কর্তারা। তল্লাশি চলছে মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়িতেও। জানা গিয়েছে, সল্টলেকে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। বাড়িতেই রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রীর তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বয়ান ইডি রেকর্ড করতে চায় বলে খবর। সাতসকালে অভিযান চালানো হয়েছে মন্ত্রীর আপ্তসহায়কের নাগেরবাজারের দুটি ফ্ল্যাটেও।
ইডির তল্লাশির মাঝেই বিজয়ার শুভেচ্ছা, সল্টলেকে জ্যোতিপ্রিয়র বাড়িতে মিষ্টি হাতে সব্যসাচী







