‘খুন করতে চায়’, শওকতের নিরাপত্তা ইস্যুতে বিজেপিকে নিশানা, ভাঙড় থেকে কড়া বার্তা মমতার

ভাঙড়ের জনসভা থেকে শওকত মোল্লার নিরাপত্তা ইস্যুতে বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ ও উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আবহে ভাঙড়ের জনসভা থেকে সরাসরি বিজেপিকে নিশানা করে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা। শওকত মোল্লাকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, প্রয়োজনে নিজের নিরাপত্তা তুলে দিয়ে শওকতকে দিতে প্রস্তুত তিনি—এমনকি অভিযোগ তোলেন, তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে।

শনিবার একাধিক জনসভা সেরে ভাঙড়ে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, শওকত মোল্লার নিরাপত্তা ইচ্ছাকৃতভাবে দুর্বল করার চেষ্টা চলছে। তাঁর কথায়, “শওকতকে টার্গেট করা হচ্ছে। ওর যদি কোনও ক্ষতি হয়, কাউকে ছাড়া হবে না।” তিনি আরও যোগ করেন, “আমি যদি বাঁ হাত হই, শওকত আমার ডান হাত।”

Shamim Ahamed Ads

নিরাপত্তা ইস্যুতেই কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরলেও বিরোধী শিবিরের নেতাদের নিরাপত্তা কমানোর চেষ্টা হচ্ছে। মমতার চ্যালেঞ্জ, “আমার সিকিউরিটি তুলে নিন, দরকার হলে শওকতকে দিন। আমি কোনও ভয় পাই না—বোম, বন্দুক কিছুতেই নয়।”

রাজনৈতিক প্রেক্ষাপটে দিল্লির সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিরোধীদের ঐক্যই বিজেপিকে চাপে ফেলেছে। তাঁর কথায়, “সবাইকে এক করে আমরা লড়েছি, তাই ওরা দুর্বল হয়েছে। সরকার চলছে অস্থির সমর্থনে।”

এদিন ভাঙড়ে উন্নয়ন নিয়েও একাধিক প্রতিশ্রুতি দেন তিনি। লেদার হাব প্রকল্পে কর্মসংস্থানের কথা তুলে ধরে জানান, আরও লক্ষাধিক চাকরির সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি হাসপাতাল নির্মাণের আশ্বাস দিয়ে বলেন, স্থানীয় স্বাস্থ্য পরিকাঠামোও আরও মজবুত করা হবে।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করেন, এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। “কিছু লোক টুকটাক বোম মেরে অশান্তি তৈরি করছে, আবার তারাই অভিযোগ করছে,”—বলেন তিনি। একই সঙ্গে ভোটারদের উদ্দেশে আবেদন, “যাঁরা বিজেপির হয়ে কাজ করছে, সেই গদ্দারদের চিনে রাখুন।”

দিনের শুরুতে উলুবেড়িয়া ও বারুইপুরে সভা করার পর ভাঙড়ে আসেন মুখ্যমন্ত্রী। এখান থেকে তাঁর পরবর্তী গন্তব্য সোনারপুর, এরপর হাওড়ায় পদযাত্রার কর্মসূচি রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত