“বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব”—ভোটের আগে ফের তোপ অনুব্রতের

মঙ্গলকোটের সভা থেকে সাঁজোয়া গাড়ি নিয়ে বিতর্কিত মন্তব্য অনুব্রতের; ভোটের আগে নিরাপত্তা প্রস্তুতির মাঝেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নির্বাচনের আগে ফের চেনা আগ্রাসী ভঙ্গিতে ফিরে এলেন অনুব্রত মণ্ডল। একসময় ‘গুড়-বাতাসা’ মন্তব্যে শিরোনামে থাকা এই তৃণমূল নেতা, জেল থেকে মুক্তির পর কিছুটা নীরব থাকলেও এবার ভোটের মুখে ফের বিতর্কের কেন্দ্রে। শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে দলীয় প্রার্থী সমর্থনে প্রচারে গিয়ে সাঁজোয়া গাড়ি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

মঙ্গলকোট-এর কাশেনগর ফুটবল মাঠে সভামঞ্চ থেকে অনুব্রত বলেন, “বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। এখানে সাঁজোয়া গাড়ি আসুক বা যা-ই আসুক, বেশি বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব।” নিজের প্রসঙ্গ টেনে তিনি আরও দাবি করেন, “আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন।”

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। এমন সময়েই রাজ্যে ভোটের প্রস্তুতি জোরকদমে চলছে, আর শান্তিপূর্ণ নির্বাচন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশন-এর কাছে।

নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যেই রাজ্যে আনা হয়েছে বিশেষ সাঁজোয়া যান, যেগুলি মূলত জম্মু ও কাশ্মীর-এ জঙ্গি দমন ও পাথরবৃষ্টি সামাল দিতে ব্যবহৃত হয়। বুলেটপ্রুফ এই গাড়িগুলিতে সশস্ত্র বাহিনীর কমান্ডোরা থাকেন, সঙ্গে থাকে আধুনিক অস্ত্রশস্ত্র। রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যেই এই গাড়িগুলিকে টহল দিতে দেখা যাচ্ছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের সময় সম্ভাব্য অশান্তি বা বোমা বিস্ফোরণ, গুলির ঘটনা মোকাবিলায় এই সাঁজোয়া যান ব্যবহার করা হবে। মূলত দ্রুত প্রতিক্রিয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে অনুব্রতের মন্তব্য নতুন করে উত্তাপ বাড়াল নির্বাচনী আবহে। বিরোধীদের তরফে এই মন্তব্যের কড়া সমালোচনা হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর