নজরবন্দি ব্যুরোঃ ২৪ এর নির্বাচনের আগে বিরোধী জোটের পালে হাওয়া লাগিয়ে সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। উপস্থিত ছিলেন লালু পুত্র ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আগামী দিনে দেশের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।


এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, আমাদের তো সম্পর্ক অনেক আগে থেকেই রয়েছে। আগে যাতায়ত ছিল। এখন তো বছর কয়েক ধরে যাতায়ত হয়না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। আজ আমরা আসার সুযোগ পেলাম। যেভাবে উন্নয়ন হয়েছে, তা দেখে বিরাট খুশি লাগছে। আমাদের আজ কথা হয়েছে, আগামী লোকসভা নির্বাচনের আগে সমস্ত দলগুলিকে একজোট হয়ে লড়াই করতে হবে। যা কিছু সিদ্ধান্ত নেওয়া হবে, তা দেশের পক্ষে হবে। এখন যারা ক্ষমতায় রয়েছে, তাঁদের এবিষয়ে কিছু যায় আসে না। তাঁরা শুরু নিজেদের প্রচার চায়। দেশের উন্নয়নের জন্য কোনও কাজ হয়নি। শুধুমাত্র তাঁদেরই চর্চা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস সকলের কাছে পৌঁছে দিতে হবে। এখন জানি না কি হবে। এরা চাইছে দেশের ইতিহাস বদলে দিতে। আজকের আলোচনা ইতিবাচক হয়েছে। আগামী দিনে সমস্ত রাজনৈতিক দলগুলি একসঙ্গে বসে এবিষয়ে সিদ্ধান্ত নেবে।
আগামী দিনে দেশের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে, কোনও ইগো নেই, জানালেন উভয়পক্ষ

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি নীতীশজির কাছে আবেদন রেখেছি, জয়প্রকাশজির যে আন্দোলন হয়েছিল সেটা বিহার থেকেই হয়েছিল। তাই আগামী দিনে একটি ঘরোয়া বৈঠক করে সমস্ত দলগুলিকে একটি বার্তা দিতে চাই আমরা সবাই একসঙ্গে রয়েছে। আমরা সকলে চাই বিজেপি জিরো হয়ে যাক। মিথ্যে কথা বলে বিজেপি হিরো হয়েছে। দেশের জনগণ বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। নীতীশ কুমারের সঙ্গে ব্যক্তিগত ইগো নেই। আমরা সকলে চাই বিজেপিকে হারাতে।









