শিক্ষক নিয়োগ দুর্নীতি ও হুমকির অভিযোগে পুলিশের জালে মইদুল ইসলাম, জোর চাঞ্চল্য

দুর্নীতি, প্রভাব খাটানো ও হুমকির অভিযোগে ডায়মন্ড হারবার থেকে আটক তৃণমূলের প্রাক্তন শিক্ষক নেতা মইদুল ইসলাম। জিজ্ঞাসাবাদে নতুন তথ্যের খোঁজ তদন্তকারীদের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগে ফের আলোচনার কেন্দ্রে তৃণমূলের প্রাক্তন শিক্ষক নেতা মইদুল ইসলাম। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একের পর এক পুরনো অভিযোগের তদন্তে গতি এসেছে। সেই আবহেই সোমবার ভোরে ডায়মন্ড হারবার এলাকা থেকে মইদুল ইসলামকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের প্রাক্তন রাজ্য সভাপতি মইদুল ইসলামকে ডায়মন্ড হারবার থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমা পড়া একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

ডায়মন্ড হারবারের গুরুদাস নগরের বাসিন্দা মইদুল ইসলাম একসময় সিপিএম ঘনিষ্ঠ ছিলেন। পরে রাজনৈতিক শিবির পরিবর্তন করে তৃণমূলে যোগ দেন। পরবর্তীতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে তাঁর নাম উঠে আসে এবং শিক্ষা সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পান বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল।

বিগত কয়েক বছরে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল বলে সূত্রের দাবি। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি অভিযানও চালানো হয়েছিল। সেই সময় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছিল।

তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের নথি নতুন করে খতিয়ে দেখা শুরু হয়েছে। সোমবার ভোরে তিনি এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন বলে সন্দেহ করে হটুগঞ্জ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি জিজ্ঞাসাবাদের দিনও মইদুল ইসলামকে সক্রিয়ভাবে দেখা গিয়েছিল বলে তদন্তকারী মহলের দাবি। রাতের দিকে তিনি বাড়ি ফেরার পর থেকেই তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল বলে সূত্রের খবর।

উল্লেখযোগ্যভাবে, কয়েক দিন আগেই সম্ভাব্য আইনি পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন মইদুল ইসলাম। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে তদন্ত আরও গভীর হতে পারে। তবে গ্রেপ্তারি বা পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর