নজরবন্দি ব্যুরো: ক্রমশ সাঁড়াশি চাপে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর উঠা অভিযোগের ভিত্তিতেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বৈঠকে বসছিল লোকসভার এথিক্স কমিটি। আর সেই বৈঠক শেষেই অভিযোগকারীদের অত্যন্ত গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করেছিল এথিক্স কমিটি। আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি কমিটির চেয়ারম্যান জানিয়েছিলেন যে, এই ঘটনায় তদন্তের জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে তথ্যপ্রযুক্তি মন্ত্র এবং স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে।


কিন্তু এবার লোকসভার এথিক্স কমিটির তলবে আগামী মঙ্গলবার, ৩১ অক্টোবর যেতে পারছেন না বলে জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুধু তাই নয়, এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন। ওই চিঠিতে মহুয়া লিখেছেন যে, আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তাঁর বিজয় সম্মেলন রয়েছে। যা অনেক আগে থেকেই ঠিক করা। তাই সেখানে তাঁকে উপস্থিত থাকতেই হবে। সেই কারণেই আগামী ৩১ তারিখ দিল্লিতে থাকতে পারছেন না তিনি।

একইসঙ্গে তিনি চিঠিতে আরও লেখেন যে, আগামী ৫ নভেম্বরের পর যেকোনও দিন লোকসভার এথিক্স কমিটির সুবিধামত, যে কোনও সময় তাঁকে ডাকা হলে তিনি হাজির হবেন। এছাড়াও ওই চিঠিতে মহুয়া আবারও একবার মনে করিয়ে দিয়েছেন যে, তিনি নিজেই আগেভাবে কমিটিকে লিখিতভাবে জানিয়েছিলেন যে, লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হয়ে বক্তব্য বলতে আগ্রহী মহুয়া।



প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্তে বৈঠকে বসছিল লোকসভার এথিক্স কমিটি। জানা যায়, মহুয়া ইস্যুতে বৈঠকে প্রায় তিন ঘণ্টা আলোচনা চলে। আর সেই বৈঠকেই মূল দুই অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং মহুয়ারই প্রাক্তন বন্ধু আইনজীবী জয় অনন্ত দেহাইদ্রইকে ডেকে পাঠিয়েছিল কমিটি। শুধু তাই নয়, গতকালই বিজেপি সাংসদ ও প্রাক্তন প্রেমিকের বয়ান রেকর্ড করে এথিক্স কমিটি। এরপরেই মহুয়ার বক্তব্য জানার জন্য আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির ডাকে ৩১ তারিখ যেতে পারছেন না সাংসদ, কমিটিকে চিঠি মহুয়ার








