মাধ্যমিকের রেজাল্ট কবে? দিনক্ষণ নিয়ে বড় ইঙ্গিত দিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়

২০২৬ মাধ্যমিক পরীক্ষার ফল ৯০ দিনের মধ্যে প্রকাশের ইঙ্গিত দিলেন পর্ষদ সভাপতি। নির্বাচনের আবহে মে মাসের প্রথম সপ্তাহেই রেজাল্ট আসতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পরীক্ষা শেষ, এখন চোখ শুধু ফলের দিনে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হতেই রাজ্যজুড়ে লাখো পরীক্ষার্থী ও অভিভাবকের একটাই প্রশ্ন—রেজাল্ট কবে? বিধানসভা নির্বাচনের আবহে দিনক্ষণ নিয়ে তৈরি হওয়া জল্পনায় অবশেষে পর্দা ফেললেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে—অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহেই বড় ঘোষণা আসতে পারে।

গত ৭ ফেব্রুয়ারি, ভূগোল পরীক্ষার দিন বোলপুরের শ্রীনন্দা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি জানান, খাতা মূল্যায়ন ও নম্বর চূড়ান্ত করতে নির্দিষ্ট সময় লাগে। তবে পর্ষদের নির্দিষ্ট নিয়ম মেনে ফলপ্রকাশে অযথা দেরি করা হবে না। “৯০ দিনের মধ্যে ফল প্রকাশ”—এই আশ্বাসেই খানিকটা স্বস্তি পেয়েছে পড়ুয়া মহল।

নির্বাচন কি প্রভাব ফেলবে?

২০২৬ সাল রাজ্যের জন্য নির্বাচনবর্ষ। বিভিন্ন মহলের অনুমান, মার্চ-এপ্রিল জুড়ে ভোট পর্ব চলতে পারে। নির্বাচনী আচরণবিধির কারণে এই সময় প্রশাসনিক স্তরে নানা সীমাবদ্ধতা থাকে। সেই প্রেক্ষিতে এপ্রিল মাসে ফলপ্রকাশের সম্ভাবনা কম বলেই মনে করছেন শিক্ষামহলের একাংশ। সব দিক বিচার করে মে মাসের প্রথম সপ্তাহকে সম্ভাব্য সময় হিসেবে দেখা হচ্ছে।

যদিও চূড়ান্ত দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে সভাপতির বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট—ফলপ্রকাশে দীর্ঘসূত্রিতা হবে না।

কীভাবে দেখবেন রেজাল্ট?

রেজাল্ট প্রকাশের দিন নির্ধারিত হলে পর্ষদের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। ফল বেরোলেই ছাত্রছাত্রীরা—

নিজেদের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে অনলাইনে মার্কশিট দেখতে পারবে।

হার্ড কপি মার্কশিট ও সার্টিফিকেট কবে স্কুলে পৌঁছবে, সেই সময়সূচিও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে। আপাতত পরীক্ষা-পরবর্তী উৎকণ্ঠা সামলে মে মাসের দিকেই তাকিয়ে রাজ্যের প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর