নজরবন্দি ব্যুরো: বকেয়া বেতন না পেয়ে কারখানায় আগুন লাগাল শ্রমিকরাই। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাংলাদেশের গাজিপুর জেলায়। রবিবার রাত ৯ টা নাগাদ জি জে ক্যাপস অ্যান্ড হেডওয়ার লিমিটেড কারখানার সাততলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগিয়ে দেয় শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৩ টি ইঞ্জিন।
সূত্রে খবর, শ্রমিকদের অভিযোগ, বাংলাদেশের গাজিপুর জেলার ওই কারখানায় মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। প্রতিমাসে অতিরিক্ত কাজের টার্গেট দেওয়া হয়। এমনকি টার্গেট পূরণ না হলে কাজ ছাড়তে বাধ্য করা হয়। এনিয়ে দীর্ঘদিন ধরেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল। শনিবার দুপুরে সমস্ত অভিযোগ নিয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুরের পরই কাজ বন্ধ করে দেয়। কোনও সুরাহা না হওয়ায় উত্তেজনা বাড়তে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। অশান্তির জল গড়ায় রবিবারেও। গতকাল রাতে কারখানার পাঁচ তলায় শ্রমিকরা আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কারখানার কর্তৃপক্ষ জানিয়েছেন, বেতন বকেয়া ছিল এবং বুধবার তা পরিশোধের কথা ছিল। শ্রমিকদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা চলছিল কিন্তু কথা চলার মাঝেই তাঁরা কারখানায় আগুন লাগিয়ে দেয়। সব কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে কারখানা আপাতত বন্ধ রাখা হয়েছে।
বকেয়া বেতন না পেয়ে কারখানায় আগুন! বন্ধ কারখানা




