শীতের বিদায় ঘণ্টা প্রায় বেজে গিয়েছে, আর তার মধ্যেই আবহাওয়ায় নতুন মোড়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবু আবহাওয়ার এই পরিবর্তন তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে বলে পূর্বাভাস।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলির জন্য আলাদা করে কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামী সাত দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখছে না আবহাওয়া দফতর।
এদিকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আগামী দু’দিনে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপর প্রায় এক সপ্তাহ তাপমাত্রা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে শীতের আমেজ অনেকটাই কমে গিয়েছে।


রবিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৩১.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি—ইঙ্গিত দিচ্ছে গরম ধীরে ধীরে জাঁকিয়ে বসার।







