নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের ম্যাচে আজ অর্থাৎ মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ। কলকাতা তথা গোটা বাংলার মানুষেরা বরাবরই ক্রিকেটপ্রেমী। দীর্ঘ অপেক্ষার পর ভারতে আয়োজিত হয়েছে চলতি বছরের বিশ্বকাপ। দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই ঝড়ের গতিতে টিকিট বিক্রি হয়েছে। হাউজফুল ক্রিকেটের নন্দনকানন। খেলা শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যাবে। সেইসময় বাড়ি ফিরতে সমস্যার মুখে পড়তে হতে পারে। তবে সেই চিন্তা দূর করল কলকাতা মেট্রো। মঙ্গলবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সুরসম্রাট শচীন দেব বর্মণের প্রয়াণ দিবসে জানুন তার কিছু অজানা কাহিনী


গত সোমবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। জানানো হয়েছে, আজ (৩১ অক্টোবর) এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে বিশেষ মেট্রো। রাত সাড়ে ১০ টার পর এক জোড়া অতিরিক্ত মেট্রো চালানো হবে। রাত পৌনে ১১টায় এসপ্ল্যানেড থেকে একটি মেট্রো যাবে দক্ষিণেশ্বর। যা গন্তব্যে পৌঁছাবে ১১ টা ১৮ মিনিটে। একই সময় আরও একটি মেট্রো এসপ্ল্যানেড থেকে কবি সুভাষের দিকে যাবে।

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যাবে। সেক্ষেত্রে গণপরিবহনে যারা ম্যাচ দেখতে আসবেন তাঁদের বাড়ি ফেরা চাপের হয়ে যাবে। এই কারণে অনেকেই ইচ্ছে না থাকলেও ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম থেকে বেরিয়ে বাড়ির পথে যাওয়ার পরিকল্পনা করছেন। তাঁদের সুবিধার্থে এই সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের।



উল্লেখ্য, মঙ্গলবার অতিরিক্ত ট্রেন চালানো হবে বলেও জানা গিয়েছে। আজ রাতে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন থেকে বারুইপুর এবং বারাসাতগামী চক্ররেল চলবে। জানা গিয়েছে, আজ রাতে ১০টা ৫৫ মিনিটে প্রিন্সেপ ঘাট থেকে ছাড়বে বারাসতগামী চক্ররেল। সেটি রাত ১২টা ২৫ মিনিটে গিয়ে বারাসতে পৌঁছবে। অন্যদিকে, রাত ১০ টা ৪৫ মিনিটে বিবাদী বাগ থেকে একটি ট্রেন বারুইপুরের উদ্দেশ্যে যাবে।
ইডেনের ম্যাচ শেষে বাড়ি ফেরার চিন্তা দূর হল, আজ রাতে চলবে অতিরিক্ত মেট্রো









