নজরবন্দি ব্যুরো: ভারতে বন্ধ হয়ে যেতে পারে অতিজনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুক। মেটা কর্তৃপক্ষকে এমনই কড়া হুঁশিয়ারি দিল কর্ণাটক হাইকোর্ট। বিদেশের মাটিতে এক ভারতীয়কে গ্রেফতার করা হয়। এর তদন্ত শুরু হলে ফেসবুকের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতেই ফেসবুক কর্তৃপক্ষকে এমন বার্তা দিয়েছে আদালত। কী ঘটেছিল?
আরও পড়ুন: কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে?


২০১৯ সালে ভুয়ো অ্যাকাউন্ট থেকে পোস্ট করার জন্য সৌদি আরবে গ্রেফতার হন এক ব্যক্তি। তদন্তে উঠে আসে ধৃত শৈলেশ কুমার ভারতের দক্ষিণের একটি রাজ্য কর্ণাটকের বাসিন্দা। ওই ব্যক্তির বিরুদ্ধে সৌদির রাজা এবং পরিবারকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ ছিল। কিন্তু ধৃতের স্ত্রী দাবি করেন, তাঁর স্বামী এমন কোনও পোস্ট করেননি। তাঁর নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অন্য কেউ করেছে।

ঘটনার তদন্ত শুরু হয়। কিন্তু ফেসবুকের বিরুদ্ধে ম্যাঙ্গালুরু পুলিশকে সহযোগিতা না করার অভিযোগ ওঠে। তদন্তে বিলম্বের জেরে ২০২১ সালে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী। এই মামলার শুনানিতে পুলিশের তরফে আদালতে দাবি করা হয়, ফেসবুক উত্তর দেয়নি। এনিয়ে হাইকোর্ট কড়া হুঁশিয়ারি দেয় যে তদন্তে সহযোগিতা না করলে ভারতে ফেসবুক বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি, হাইকোর্ট নির্দেশ দেয়, আগামী এক সপ্তাহের মধ্যে যাবতীয় জরুরী তথ্য হাইকোর্টে পেশ করতে হবে।

উল্লেখ্য, ধৃত শৈলেশ কুমার ২৫ বছর ধরে সৌদিতে কাজ করছেন। তাঁর স্ত্রী ও পরিবার থাকে ম্যাঙ্গালুরুতে। ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির সমর্থনে ফেসবুকে কয়েকটি পোস্ট করেছিলেন শৈলেশ। এরপরই দেখা যায় তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে সৌদির রাজাকে নিয়ে আপত্তিকর পোস্ট করেন তিনি। শৈলেশ কুমার নিজেই বিষয়টি তাঁর পরিবারকে জানায়। ম্যাঙ্গালুরুতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এসবের মধ্যেই সৌদি পুলিশ তার আগেই শৈলেশকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলবন্দি। কর্ণাটক হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ জুন।


ভারতে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক, ফেসবুক কর্তৃপক্ষকে হুঁশিয়ারি কর্ণাটক হাইকোর্টের








