নজরবন্দি ব্যুরো: আগামী লোকসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর ২৪-এর ভোটে কোনও ফাঁক ফোকড় রাখতে চাইছে না বাংলার পদ্ম শিবির। দক্ষিণ কলকাতার জন্য যাদবপুর সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছিল। এর চারদিনের মধ্যেই জেলা সভাপতি বদল করা হল। নতুন সভাপতি নিয়োগ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে CID তদন্তে ক্ষুব্ধ বিচারপতি, হাইকোর্টে অস্বস্তিতে রাজ্যও!


বঙ্গ বিজেপি সূত্রে খবর, যাদবপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতি হলেন মনোরঞ্জন জোদ্দার। এর আগে সভাপতি ছিলেন কুন্তল চৌধুরী। আগামী বছরের নির্বাচনের আগেই বাংলায় প্রতি লোকসভা কেন্দ্র পিছু একটি সাংগঠনিক জেলা গঠন করা হয়েছে। সল্টলেক সাংগঠনিক জেলা সরিয়ে বারাসত সাংগঠনিক জেলার আওতায় সল্টলেক ও দক্ষিণ দমদমকে রাখা হয়েছে। এদিকে দক্ষিণ কলকাতার জন্য যাদবপুর সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। ছয়জন বিধায়ককে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দায়িত্বে রয়েছে মনোজ টিগ্গা। মূলত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করেই এই রদবদল করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট মিটতেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। বাংলায় ভালো ফল করতে মরিয়া বিজেপি। শুক্রবার অর্থাৎ আগামীকাল বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামীকাল রাত ৯ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। শনিবার (১২ আগস্ট) হাওড়ার বাগনানে সোনার বাংলা হোটেলে ‘পঞ্চায়েত রাজ সম্মেলন’-এ যোগ দেওয়ার পাশাপাশি বিজেপির মিটির বৈঠকে যোগ দিতে পারেন তিনি।


![]()
বঙ্গ সফরে একাধিক কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার। শনিবার বৈঠক শেষ করে দুপুর নাগাদ দেউলটি পৌঁছে ‘আমার মাটি-আমার দেশ’ ও ‘বীর বন্ধন, বসুধা বন্ধন’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে কলকাতায় ফিরে পঞ্চায়েতে বিজেপির জয়ী সদস্যদের নিয়ে বৈঠক করতে পারেন। রবিবার (১৩ আগস্ট) দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে পারেন। রবিবার বিকেলের বিমানেই দিল্লি ফিরবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
নাড্ডার বঙ্গ সফরের একদিন আগেই যাদবপুরের জেলা সভাপতি বদল








