নজরবন্দি ব্যুরো: ফের চাকরির দাবিতে উত্তপ্ত অফিসপাড়া! এসএসসি ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি সল্টলেকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে চাকরি প্রার্থীদের। তারপরেই টেনে-হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। ইতিমধ্যেই অনেকজনকেই আটক করেছে পুলিশ।


সূত্রের খবর, ঘটনাটি সল্টলেকের সেক্টর-৫ এ। এদিন দ্রুত নিয়োগের দাবিতে করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে থেকে বিক্ষোভ শুরু করেছিলেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। এরপরেই মিছিল কিছুটা এগিয়ে এলে তখনই পুলিশের সঙ্গে বচসা বাধে। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে চাকরি প্রার্থীদের। বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

এদিন এই মিছিলের প্রসঙ্গে বিক্ষোভকারী বলেন, “৯ বছর ধরে আমরা বঞ্চিত। লাগাতার ভুল ভ্রান্তির কারণে আজ আমাদের এই অবস্থা। এই কমিশন একটা নিয়োগ করতে পারে না? আর এই পুলিশ প্রশাসন আমাদের মিছিল করতে দিল না। এটা কি আমাদের সরকার? ওরা অন্যায় করছে।”



অন্যদিকে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন এক চাকরি প্রার্থী। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তারপরেই চ্যাঙদোলা করে পুলিশ তাঁকে সরিয়ে নিয়ে যায়। প্রসঙ্গত, এদিন দ্রুত নিয়োগ চাই বলেই প্ল্যাকার্ড পোস্টার হাতে নিয়ে আওয়াজ তুলছিলেন চাকরি প্রার্থীরা।
SSC ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র অফিসপাড়া, বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ








