‘কয়লা চোর-লোহা চোর’, গোবর জলে ধুয়ে জিতেন্দ্রর কার্যালয়ের দখল নিল তৃণমূল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘কয়লা চোর-লোহা চোর’, গোবর জলে ধুয়ে জিতেন্দ্রর কার্যালয়ের দখল নিল তৃণমূল!৩ মাসের জল্পনা সত্যি করে আজ বিজেপিতে যোগ দিয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আজ বৈদ্যবাটির সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর রাজিব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নেন আসানসোল পুরসভার প্রশাসক।

আরও পড়ুনঃ মোদি ব্রিগেডে প্রসেনজিৎ মিঠুন! দাদা অশোকের পরামর্শ মানবেন না ‘দাদা’?

উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর সাথেই তার গেরুয়া শিবিরে নাম লেখানোর কথা ছিল। কিন্তু সেই সময়ে জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন বাবুল সুপ্রিয় সহ অনেক বিজেপি নেতা। ফলত তিওয়ারিকে দলে নেওয়ার প্রক্রিয়া থেমে যায়। কিন্তু ততক্ষনে তৃণমূল ত্যাগ করেছিলেন তিনি। এদিকে বিজেপি তে জায়গা না পেয়ে ফের ফেরেন দিদির দলেই।

প্রত্যাবর্তনের পর পুরনো কোনও পদ ফিরিয়ে না দিলেও জিতেন্দ্রকে (Jitendra Tiwari) জাতীয় স্তরের মুখপাত্রের দায়িত্ব দিয়েছিল দল। কিন্তু সেসব ‘মায়া’ কাটিয়ে এ বার পাকাপাকিভাবে পদ্ম পতাকা (BJP) তিনি হাতে তুলে নিলেন। আর একদিকে যখন পদ্ম পতাকা হাতে নিচ্ছেন তখন জিতেন্দ্র কে কয়লা চোর আখ্যা দিল তৃণমূল।

‘কয়লা চোর-লোহা চোর’! জিতেন্দ্র বিজেপিতে যোগ দিতেই পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিশাল মিছিল করে তৃণমূল। শুধু তাই নয়, জিতেন্দ্র তিওয়ারির বিধায়ক কার্যালয় গোবর জলে শুদ্ধ করে তা দখল নিলেন নরেন্দ্রনাথরা। এদিন নরেন্দ্রনাথ বলেন, “দলে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, কয়লা চোর, লোহা চোর, বালি চোরদের কোনও স্থান নেই। তাদের যেখানে স্থান, সেখানেই যাচ্ছে।”

অন্যদিকে পদ্মবনে ঝাঁপ দিয়ে জিতেন্দ্রর ব্যাখ্যা, “আমি আজ থেকে মনের ভাবনা স্বাধীনভাবে খুলে বলার সুযোগ পাব। কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ করতে চাই না। কিন্তু, বিগত দু বছর ধরে মনের ভাবনার বহিঃপ্রকাশ করার সুযোগ ছিল না। মনে এক কথা থাকত বাইরে আরেক কথা বলতে হত। জয় শ্রী রাম বলতাম ছোট থেকে, তবে কোনও দিন মঞ্চে দাঁড়িয়ে বলতে পারতাম না। আজ থেকে মঞ্চেও বলব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত