ফলতা বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এবার আইনি চাপে পড়লেন ফলতার আলোচিত মুখ জাহাঙ্গির খান। আদালতের দেওয়া আগের অন্তর্বতী রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পর তা নতুন করে বাড়ানোর আবেদন করা হলেও, সেই আর্জিতে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি পার্থসারথী সেনের অবকাশকালীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে— এই মুহূর্তে নতুন করে কোনও সুরক্ষা নয়।
মঙ্গলবার পর্যন্ত কার্যকর ছিল জাহাঙ্গির খানের আগের রক্ষাকবচ। ভোটের আগে প্রার্থী হিসেবে তাঁকে এই আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু ভোট শেষ হয়ে যাওয়ার পরে সেই সুবিধা কেন বজায় থাকবে— আদালতে সেই প্রশ্ন ওঠে।


নির্বাচনের আগে নিজেকে ‘পুষ্পা’ বলে পরিচয় দিয়ে রাজনৈতিক আলোচনায় উঠে এসেছিলেন জাহাঙ্গির। আবার পুনর্নির্বাচনের আগে প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর কথাও জানিয়েছিলেন তিনি। এই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি নতুন করে গুরুত্ব পেতে শুরু করেছে।
উল্লেখ্য, ফলতা থানায় জাহাঙ্গির খানের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলাগুলির ভিত্তিতেই আদালতের কাছে অন্তর্বতী রক্ষাকবচ চাওয়া হয়েছিল এবং ভোটের আগে তা মঞ্জুরও হয়েছিল।
শুনানিতে বিচারপতি পার্থসারথী সেন মন্তব্য করেন, অভিযোগ সঠিক বা ভুল— সেই প্রশ্ন পরে আসবে, তবে অভিযোগ দায়ের হয়েছে মানেই তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে। আদালত তাঁর উদ্দেশে বলেন, আত্মসমর্পণ করে তদন্তে সহযোগিতা করার পথ খোলা রয়েছে।


একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ ছিল, পুলিশ রিপোর্ট জমা দেওয়ার আগে চাইলে মামলা প্রত্যাহারের আবেদন করা যেতে পারে। তবে আদালতে জাহাঙ্গির খানের আইনজীবী সেই পথে যেতে রাজি হননি।
এখন নজর থাকবে তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপ এবং জাহাঙ্গির খানের আইনি কৌশলের দিকে। ভোট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই মামলা নতুন করে আলোচনায় উঠে এল।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



