উন্নত প্রযুক্তি, প্রতিরক্ষা উৎপাদন এবং সবুজ শক্তির ভবিষ্যৎকে সামনে রেখে নতুন কৌশলগত পদক্ষেপ নিল ভারত ও আমেরিকা। মঙ্গলবার দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হলো ‘ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক’ চুক্তি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিরল খনিজ বা রেয়ার আর্থ সরবরাহ শৃঙ্খলে চিনের দীর্ঘদিনের প্রভাব কমানোর লক্ষ্যেই এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই চুক্তির মাধ্যমে এমন একটি আন্তর্জাতিক সরবরাহ কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যাতে গুরুত্বপূর্ণ খনিজ সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং বণ্টনের ক্ষেত্রে একক কোনও দেশের উপর অতিরিক্ত নির্ভরতা কমানো যায়। কারণ বর্তমানে সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পে এই খনিজগুলির গুরুত্ব দ্রুত বাড়ছে।


চলতি বছরের শুরুতে ওয়াশিংটনে শুরু হয়েছিল ফোরাম অন রিসোর্স জিওস্ট্র্যাটেজিক এনগেজমেন্ট (ফর্জ)। সেই আলোচনার ধারাবাহিকতাতেই এই নতুন ফ্রেমওয়ার্ক সামনে এসেছে বলে কূটনৈতিক সূত্রের দাবি।
বিশেষজ্ঞদের মতে, চুক্তির ফলে শুধু খনিজ অনুসন্ধান নয়, অর্থায়ন, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা, প্রক্রিয়াকরণ প্রযুক্তি উন্নয়ন এবং কৌশলগত খনিজ ব্যবস্থাপনায় ভারত ও আমেরিকার মধ্যে যৌথ কাজের সুযোগ তৈরি হবে। দীর্ঘমেয়াদে এটি প্রযুক্তি ও শিল্প উৎপাদনে নতুন দিশা দেখাতে পারে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই চুক্তিকে ভারত-আমেরিকা সম্পর্কের আরও গভীর হওয়ার প্রতিফলন বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল উপাদানের আরও কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


অন্যদিকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও ভারতের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরে বলেন, দুই দেশের অংশীদারিত্ব এখন শুধু কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ নয়, বরং বাস্তব অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার দিকেও এগোচ্ছে।
বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তি খাতে বিরল খনিজের গুরুত্ব যত বাড়ছে, ততই এই ধরনের অংশীদারিত্ব আগামী দিনের ভূ-কৌশলগত সমীকরণে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



