জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল গ্রেপ্তার, এবার কি পুলিশের নজরে ফলতার ‘পুষ্পা’?

ফলতা ভোট বিতর্কে জাহাঙ্গির ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইস্রাফিল চকদার গ্রেপ্তার। একের পর এক অভিযোগের মাঝে এবার ‘ফলতা পুষ্পা’কে ঘিরেও জল্পনা তুঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফলতা ভোট-পরবর্তী উত্তাপ আরও বাড়াল পুলিশের একের পর এক পদক্ষেপ। জাহাঙ্গির খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইস্রাফিল চকদারকে গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তোলাবাজি, ভোটে বাধা, মারধর থেকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ফের চর্চায় ফলতা রাজনীতি।

গত ২১ মে ফলতায় পুনর্নির্বাচনের পর থেকেই বদলে যেতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ। ভোটের আগে আচমকা নির্বাচন থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির খান। তারপর থেকেই কার্যত ‘নিখোঁজ’ তিনি। রাজনৈতিক মহলে জোর জল্পনা, যে কোনও সময় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।

এই আবহেই বুধবার গভীর রাতে হাসিমনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইস্রাফিল চকদারকে। তিনি বঙ্গ নগর ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান এবং জাহাঙ্গির ঘনিষ্ঠ বলেই পরিচিত। পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৯ এপ্রিলের ভোটকে ঘিরে। ভোটের পর টানা দু’দিন ধরে হাসিমনগর এলাকায় বিক্ষোভে সামিল হন স্থানীয় মহিলারা। রাস্তা অবরোধ করে তাঁদের অভিযোগ ছিল, ইস্রাফিলের নেতৃত্বে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা ভোট দিতে বাধা দেয় এবং বহু জায়গায় ছাপ্পা ভোট হয়।

অভিযোগ আরও গুরুতর হয় যখন স্থানীয় মহিলারা মারধর ও শ্লীলতাহানির কথাও সামনে আনেন। সেই আন্দোলনের জেরেই ফলতায় পুনর্নির্বাচনের দাবি জোরদার হয়। পরে নির্বাচন কমিশন একাধিক অভিযোগের ভিত্তিতে গোটা ফলতা বিধানসভার ভোট বাতিল করে দেয়।

এরপর ২১ মে পুনর্নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। অন্যদিকে চতুর্থ স্থানে থেকে জামানত জব্দ হয় জাহাঙ্গির খানের। ফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক কড়াকড়ি ও ধরপাকড়।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ধৃত ইস্রাফিল চকদারকে ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে তোলা হবে। এর আগেই গ্রেপ্তার হয়েছেন জাহাঙ্গির ঘনিষ্ঠ আইএনটিটিইউসি নেতা নাসির শেখ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ফলতা স্পেশাল ইকোনমিক জোনের শ্রমিকদের কাছ থেকে তোলা আদায় এবং কাজ থেকে বেআইনিভাবে বসিয়ে দেওয়ার।

নাসির শেখকে ঘিরেও শ্রমিক বিক্ষোভের ছবি সামনে আসে। অভিযোগের ভিত্তিতে রামনগর থানার পুলিশ প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়, পরে গ্রেপ্তার করা হয়।

একের পর এক ঘনিষ্ঠ নেতার গ্রেপ্তারের পর রাজনৈতিক মহলে এখন নতুন প্রশ্ন— এবার কি পুলিশের নজরে ‘ফলতা পুষ্পা’? ইতিমধ্যেই তাঁর আইনি রক্ষাকবচ তুলে নিয়েছে হাই কোর্ট এবং তদন্তে সহযোগিতার নির্দেশও দেওয়া হয়েছে। তবে ভোটের আগের দিন থেকেই বেপাত্তা জাহাঙ্গির খান, যা নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন