১৩ দল নিয়ে ১০ অক্টোবর থেকে ISL, ফিরছে হোম-অ্যাওয়ে ও প্লে-অফ, জেনে নিন পুরো ফরম্যাট

১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। ১৩ দলকে নিয়ে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট ও প্লে-অফ। চার্চিল ব্রাদার্সের অংশগ্রহণ এখনও অনুমোদনসাপেক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অবশেষে কাটল অপেক্ষার প্রহর। পুজোর আগেই মাঠে গড়াচ্ছে ২০২৬-২৭ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। শনিবার আনুষ্ঠানিক ভাবে মরশুম শুরুর দিনক্ষণ জানিয়ে দিয়েছে লিগ কর্তৃপক্ষ। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে দেশের শীর্ষস্তরের এই ফুটবল প্রতিযোগিতা। লিগ চলবে ২০২৭ সালের মে পর্যন্ত। নতুন মরশুমে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট এবং প্লে-অফও। সব মিলিয়ে আট মাসে হবে মোট ১৬৩টি ম্যাচ।

নতুন মরশুমে ভারতীয় ফুটবলের চেনা কাঠামোতেই ফিরছে ISL। ১৩টি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে। লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল জিতবে ISL লিগ শিল্ড। একইসঙ্গে এশিয়ান ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগও পাবে লিগ-শিল্ড জয়ী দল।

শুধু লিগ শিল্ডেই শেষ নয় লড়াই। এ বার ফেরানো হচ্ছে প্লে-অফ পর্ব। লিগপর্বের সেরা ছয় দল ISL Cup জয়ের লক্ষ্যে নামবে। অর্থাৎ মরশুমের শেষ দিকে আরও একবার শিরোপার জন্য জমে উঠবে লড়াই। দীর্ঘ আট মাসের প্রতিযোগিতায় মোট ১৬৩টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ বারের ISL শুধু মাঠের ফরম্যাটের পরিবর্তনের জন্যই নয়, প্রশাসনিক কাঠামোর দিক থেকেও গুরুত্বপূর্ণ। AIFF-এর পাশাপাশি অংশগ্রহণকারী ক্লাবগুলিকে লিগ পরিচালনার ক্ষেত্রে আরও বড় ভূমিকা দেওয়া হচ্ছে। লিগের ভবিষ্যৎ কৌশল, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং প্রতিযোগিতার কাঠামো নিয়ে ক্লাবগুলির মতামতের গুরুত্ব বাড়বে।

নতুন মডেলের অন্যতম লক্ষ্য হল ভারতীয় ফুটবলের জন্য একটি পূর্ণাঙ্গ ও প্রতিযোগিতামূলক ক্যালেন্ডার তৈরি করা। পাশাপাশি প্রতিভাবান ভারতীয় ফুটবলারদের খুঁজে বের করা এবং দীর্ঘমেয়াদে দেশের ফুটবল পরিকাঠামো ও প্রতিযোগিতামূলক মান উন্নত করার উপর জোর দেওয়া হবে।

নতুন মরশুমে মোট ১৩টি দল অংশ নেওয়ার কথা। তবে তালিকায় থাকা চার্চিল ব্রাদার্স এফসি-র (Churchill Brothers FC) অংশগ্রহণ এখনও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের উপর নির্ভরশীল। ফলে তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

ISL ২০২৬-২৭ মরশুমের সম্ভাব্য ১৩টি দল হল—মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, চার্চিল ব্রাদার্স এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এফসি, ইন্টার কাশী এফসি, মুম্বই সিটি এফসি, ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, পাঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি।

তবে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য একটি হতাশার খবরও রয়েছে। গত মরশুমে ইন্ডিয়ান ফুটবল লিগ (IFL) চ্যাম্পিয়ন হয়ে ISL-এ খেলার যোগ্যতা অর্জন করেছিল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। কিন্তু অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ১.১ কোটি টাকা ফি জমা দিতে না পারায় এ বার ISL-এ খেলার সুযোগ হারাচ্ছে তারা।

লিগের প্রোমোশন ও রেলিগেশন সংক্রান্ত নিয়মেও এর প্রভাব পড়বে। চলতি মরশুমে ISL-এর পয়েন্ট টেবিলে ডায়মন্ড হারবার এফসিকে কোনও পয়েন্ট দেওয়া হবে না এবং তালিকার শেষে রাখা হবে। এর ফলে ২০২৭-২৮ মরশুমেও ISL-এ খেলার সুযোগ থাকবে না তাদের। পরবর্তী মরশুমে IFL-এই খেলতে হবে কলকাতার ক্লাবটিকে।

সব মিলিয়ে ১০ অক্টোবর থেকে শুরু হতে চলা ISL ২০২৬-২৭ মরশুমে একাধিক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। হোম-অ্যাওয়ে ফরম্যাট, প্লে-অফের প্রত্যাবর্তন এবং ক্লাবগুলির বাড়তি প্রশাসনিক ভূমিকা—সব মিলিয়ে নতুন মরশুম ভারতীয় ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন