প্রতি জেলায় ২টি ‘সিএম শ্রী’ স্কুল, ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষা! শিক্ষক দিবসে বড় ঘোষণা শুভেন্দুর

শিক্ষক দিবসে রাজ্যের স্কুলশিক্ষা নিয়ে বড় পরিকল্পনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রতিটি জেলায় দুটি করে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষায় ভর্তি, থাকবে স্মার্ট বোর্ড ও ডিজিটাল ল্যাব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শিক্ষার পরিকাঠামো ও মানোন্নয়নে বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যের প্রতিটি জেলায় আপাতত দুটি করে ‘সিএম শ্রী’ (CM Shri) ইনস্টিটিউট গড়ে তোলা হবে। জওহর নবোদয় বিদ্যালয়ের ধাঁচে ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে পড়ুয়া ভর্তি এবং আধুনিক পরিকাঠামো তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যের স্কুলশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একাধিক ঘোষণা করেন তিনি।

- Advertisement -

শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, ‘মুখ্যমন্ত্রী শ্রী’ বা ‘সিএম শ্রী’ ইনস্টিটিউটগুলিকে মডেল স্কুল হিসেবে গড়ে তোলা হবে। প্রতিটি জেলায় প্রাথমিক পর্যায়ে দুটি করে প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা রয়েছে। লক্ষ্য, উন্নত পরিকাঠামোর পাশাপাশি শিক্ষার মানেও একটি নির্দিষ্ট মাপকাঠি তৈরি করা।

এই প্রতিষ্ঠানগুলিতে সেরা মানের শিক্ষক নিয়োগের পাশাপাশি আধুনিক ডিজিটাল ল্যাব এবং স্মার্ট বোর্ডের মতো প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিকাঠামো থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রীয় বিদ্যালয়গুলির আদলে এগুলিকে গড়ে তুলে রাজ্যের স্কুলশিক্ষায় নতুন মানদণ্ড তৈরি করা হবে।

ভর্তির ক্ষেত্রেও থাকবে আলাদা ব্যবস্থা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জওহর নবোদয় বিদ্যালয়ের মতো ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে পড়ুয়া ভর্তি করা হবে। অর্থাৎ নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে পড়ুয়া বাছাই করে এই প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার সুযোগ দেওয়া হবে।

শিক্ষক দিবসের মঞ্চ থেকেই আগের সরকারের আমলের শিক্ষা ব্যবস্থা নিয়েও আক্রমণ শানান শুভেন্দু। তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের সময়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির পাশাপাশি রাজ্যের স্কুলশিক্ষার পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার মানের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

- Advertisement -

শুধু স্কুলশিক্ষা নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রেও পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। উচ্চশিক্ষার জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু রাখার কথা উল্লেখ করেন তিনি।

‘সিএম শ্রী’ ইনস্টিটিউটের পরিকল্পনা বাস্তবায়িত হলে জেলা স্তরে বাছাই করা স্কুলগুলিকে উন্নত পরিকাঠামো, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ শিক্ষকবাহিনীর মাধ্যমে মডেল প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নেওয়া হচ্ছে। আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরও বাড়ানো হবে বলেও এদিন ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর