লিগ পর্বের শেষ ম্যাচে বড় হার, তবুও লক্ষ্যপূরণ— এমনই নাটকীয় সমাপ্তি দেখল আইপিএল ২০২৬। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৫৫ রানে হারলেও নেট রানরেটের হিসাব সামলে লিগ টেবিলের এক নম্বর জায়গা ধরে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে প্রথম কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা, যেখানে তাদের প্রতিপক্ষ গুজরাত।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড। দ্রুত রান তোলার পর ইনিংসের হাল ধরেন কিষাণ ও হেনরিক ক্লাসেন।


অভিষেক মাত্র ২২ বলে ৫৬ রান করেন। এরপর কিষাণ ও ক্লাসেন মিলে ১১৩ রানের বড় জুটি গড়েন। ক্লাসেন ৫১ রান করে ফিরলেও ইশান ৪৬ বলে ৭৯ রানে অপরাজিত থেকে দলকে ২৫৫ রানের বিশাল সংগ্রহে পৌঁছে দেন।
২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি RCB। বিরাট কোহলি দ্রুত বিদায় নিলেও ভেঙ্কটেশ আইয়ার আক্রমণাত্মক ব্যাটিং করেন। পরে অধিনায়ক রজত পাতিদার ইনিংস গুছিয়ে নিয়ে ৩৯ বলে ৫৬ রান করেন। ক্রুনাল পান্ডিয়া যোগ করেন ৪১ রান।
শেষদিকে কিছু রান এলেও আরসিবি থামে ২০০ রানে। ম্যাচ হারলেও তাদের সবচেয়ে বড় সাফল্য— প্রয়োজনীয় রান তুলে নেট রানরেট অক্ষুণ্ণ রাখা।


ম্যাচ শেষে রজত পাতিদার বলেন, হায়দরাবাদের প্রথম পাঁচ ব্যাটার শুরু থেকেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিলেন। তাঁর মতে, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হলেও প্রতিপক্ষের বোলাররা স্লোয়ার ও ইয়র্কারের ব্যবহার দারুণভাবে করেছে। তবে শীর্ষস্থান ধরে রাখাই দলের প্রধান লক্ষ্য ছিল বলেও স্পষ্ট করেন তিনি।
লিগ পর্ব শেষে তিনটি দলই ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু নেট রানরেটের বিচারে শীর্ষে শেষ করেছে আরসিবি। দ্বিতীয় স্থানে GT এবং তৃতীয় স্থানে সানরাইজার্স।
ফলে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে আরসিবি বনাম গুজরাত। অন্যদিকে সানরাইজার্স খেলবে এলিমিনেটরে চতুর্থ স্থানে শেষ করা দলের বিরুদ্ধে। প্রথম দুই দলের হাতে ফাইনালে ওঠার জন্য থাকবে দুটি সুযোগ।



