নজরবন্দি ব্যুরোঃ অনলাইন নয়, গনপরিবহন স্বাভাবিক হলেই সশরীরে ইন্টারভিউ হবে হবু শিক্ষকদের। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান রাজ্যে দ্রুত নিয়োগ হতে চলেছে কয়েক হাজার শিক্ষক। পুজোর আগেই উচ্চ প্রাথমিক ও প্রাথমিকে ২৪৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। এবং পুজোর পরে নিয়োগ করা হবে আরও ৭৫০০ জনকে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই খুশির হাওয়া রাজ্যের হবু শিক্ষক মহলে।
আরও পড়ুনঃ স্পেশাল ট্রেনে উঠতে পারছেন না সাধারণ যাত্রীরা, প্রতিবাদে সোনারপুরে ট্রেন অবরোধ।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান হাইকোর্টের নির্দেশে এতদিন আটকে ছিল এই প্রক্রিয়া। এবার তালিকা প্রকাশ করে দ্রুত শুরু হবে এই নিয়োগ। তাঁর নির্দেশের পরেই নিয়োগ প্রক্রিয়ার তোরজোড় শুরু করে দেয় স্কুল সার্ভিস কমিশন। প্রথমে অনলাইনেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দেওয়ার কথা ভেবেছিল কমিশন। সেইমতো নেওয়া হচ্ছিল প্রস্তুতিও। কারণ কোভিড আবহে কবে সব আবার স্বাভাবিক হবে তা অনিশ্চিত। কিন্তু শিক্ষা দফতরের নির্দেশ গিয়েছে তাঁদের কাছে। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশনকে অফলাইনে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
অর্থাত্ সশরীরে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে চাকরিপ্রার্থীদের। সোমবার বিকেল ৪টেয় উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল এসএসসি। প্রায় ১৫ হাজার চাকরিপ্রার্থীর নাম ছিল তাতে। কিন্তু কেন অনলাইনে হচ্ছে না ইন্টারভিউ? জানা যাচ্ছে এত বড় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব দেখা যেতে পারে। সেইমত সিদ্ধান্ত নেওয়া হয়েছে গনপরিবহন চালু হলেই শুরু করে দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রথমে উচ্চ প্রাথমিকের তালিকায় থাকা পরীক্ষার্থীদের ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে, তারপরেই টেট উত্তীর্ণদের ডাকা হবে।
অনলাইন নয়, গনপরিবহন স্বাভাবিক হলেই সশরীরে ইন্টারভিউ হবে হবু শিক্ষকদের। মূলত ১:১:৪ অনুপাতে ইন্টারভিউতে প্রার্থীদের ডাকার কথা বলে জানা গিয়েছে কমিশন সূত্রে। ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে কমিশন।



