ফের করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে বলেই জানা গিয়েছে। বর্তমানে একান্তবাস বা সেল্ফ-আইসোলেশনে রয়েছেন বাইডেন, এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। এদিকে, বাইডেন অসুস্থ হতেই ফের প্রশ্ন উঠেছে, আদৌ প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন তো ডেমোক্রাট প্রার্থী? চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হবে।



জোর কদমে চলছে প্রচার। নানা জায়গায় সভা করছেন বাইডেন। জানা গিয়েছে, লাস ভেগাসে ডেমোক্র্যাটদের প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভোটারদের একটি সভায় ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই সময়েই সভার উদ্যোক্তাদের কাছে বাইডেনের কোভিডে আক্রান্ত হওয়ার খবর আসে। হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জাঁ পিঁয়ের বলেন, “প্রেসিডেন্ট বুস্টার ভ্যাকসিন নিয়েছেন।

তাঁর শরীরে সামান্য কিছু কোভিডের উপসর্গ দেখা গিয়েছে।” বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্টের সর্দি হয়েছে। তা ছাড়া ছোটখাটো কিছু শারীরিক সমস্যার কথাও জানিয়েছেন ওই চিকিৎসক। যদিও বাইডেনের শ্বাসপ্রশ্বাসের হার এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। বাইডেনের বয়স, শারীরিক সক্ষমতা নিয়ে ডেমোক্র্যাট শিবির থেকেই নানা প্রশ্ন উঠছে। ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে তাঁর অসংলগ্ন এবং অস্পষ্ট আচরণ নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছে।


করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, আদৌ নির্বাচনে লড়তে পারবেন তো ডেমোক্রাট প্রার্থী?

ডেমোক্র্যাটদের একাংশ তাঁকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন, ক্লান্তির জেরে বিকেলের পর চোখ খুলে রাখাও কষ্টসাধ্য হয়ে উঠছে। আর এই অসুস্থতাকেই হাতিয়ার করছে বিরোধীরা। এমনকী, ডেমোক্রাট দলের অন্দরেও বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, অগস্ট মাসের আগে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রাটদের পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হবে না।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



