ইডেন ম্যাচ ঘিরে টিকিট কেলেঙ্কারি! ৯০০ টাকার টিকিট বিকোচ্ছে ৩০ হাজারে, ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ইডেন ম্যাচের টিকিট নিয়ে চরম কালোবাজারির অভিযোগ। কয়েকশো টাকার টিকিট বিকোচ্ছে ৩০-৫০ হাজারে, ক্ষোভে সরব সমর্থকেরা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ— মাঠে নামার আগেই ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনা। কিন্তু ক্রিকেট উন্মাদনার মাঝেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। চাহিদার সুযোগ নিয়ে খোলাবাজারে দেদার কালোবাজারি চলছে ম্যাচের টিকিট নিয়ে। অভিযোগ, কয়েকশো টাকার টিকিটই হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে, আর তাতেই ক্ষুব্ধ সাধারণ ক্রিকেটপ্রেমীরা।

সুপার এইট পর্বে এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, তার সেমিফাইনালের টিকিট নিশ্চিত। ফলে সূর্যকুমার যাদবদের খেলতে দেখতে ইডেনে উপচে পড়ছে ভিড়। গ্রুপ পর্বে কলকাতায় ভারতের কোনও ম্যাচ না হওয়ায় এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না সমর্থকেরা। শুক্রবার থেকেই ময়দান চত্বরে টিকিটের খোঁজে দীর্ঘ লাইন এবং ভোরবেলা থেকেই অপেক্ষা করার ছবি দেখা গেছে।

এই বিপুল চাহিদাকেই হাতিয়ার করেছে কালোবাজারি চক্র। সূত্রের খবর, লোয়ার টিয়ারের টিকিট শুক্রবারই প্রায় ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার সেই দাম ৫০ হাজারে পৌঁছতে পারে বলেও আশঙ্কা। আপার টিয়ারের টিকিট ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এমনকি ৯০০ টাকার আসল টিকিট ৫ থেকে ৭ হাজার টাকায় বিকোচ্ছে বলেও দাবি দর্শকদের। কোথাও আবার ১০ হাজার টাকার বিনিময়ে টিকিট হাতবদলের খবর মিলেছে।

উল্লেখযোগ্য বিষয়, প্রথম দফায় ছাড়া সমস্ত টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার টিকিট এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে না। অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট কাটার কোনও অপশন না থাকায় হতাশ সমর্থকেরা। অনেকেই অভিযোগ করছেন, বৈধ পথে টিকিট না পাওয়ার সুযোগেই বেআইনি ব্যবসা মাথাচাড়া দিয়ে উঠেছে।

মাঠের লড়াই যতটা গুরুত্বপূর্ণ, টিকিট ঘিরে বিশৃঙ্খলাও ততটাই আলোচনার কেন্দ্রে। গত ম্যাচে জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারতীয় দল। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করাই লক্ষ্য হার্দিক ও সূর্যকুমারদের।

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স যে রবিবার দর্শকে উপচে পড়বে, তা প্রায় নিশ্চিত। তবে তার আগেই টিকিট কালোবাজারি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বহু ক্রিকেটপ্রেমী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর