টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে—চোটে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। তবু আত্মবিশ্বাসে ভরপুর সূর্যকুমার যাদবের দল। শনিবার আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারত, আর সেই ম্যাচের সম্ভাব্য একাদশ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।
গতবারের চ্যাম্পিয়ন ভারত এ বার নামছে খেতাব রক্ষার লক্ষ্য নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দু’বার শিরোপা জেতার নজির এখনও নেই। সেই ইতিহাস গড়ার সুযোগ রয়েছে সূর্যদের সামনে। প্রথম ম্যাচের আগে প্রতিপক্ষ আমেরিকার ভিডিয়ো বিশ্লেষণ করে প্রস্তুতি সেরে ফেলেছে ভারতীয় দল।
শুক্রবার অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই জানিয়েছেন, ইনিংস শুরু করবেন ঈশান কিশন এবং অভিষেক শর্মা। ফলে ওপেনিং জুটি নিয়ে আর কোনও সংশয় নেই। তিন নম্বরে নামতে পারেন চোট কাটিয়ে ফেরা তিলক বর্মা, যিনি প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাট করেছেন।
চার নম্বরে থাকবেন সূর্যকুমার নিজে। সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে ফর্মে ফেরায় তাঁর উপর ভরসা রাখছে দল। পাঁচ নম্বরে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে, যিনি ব্যাট-বল দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। ছয় নম্বরে সহ-অধিনায়ক অক্ষর পটেল এবং সাত নম্বরে অলরাউন্ডার শিবম দুবে থাকতে পারেন।
আট নম্বরে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে রিঙ্কু সিংহকে। শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের জন্য—অর্শদীপ সিংহ, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।
পেস আক্রমণে অর্শদীপ ও বুমরাহর সঙ্গে সহায়তা করবেন হার্দিক ও শিবম। স্পিন বিভাগে অক্ষর ও বরুণের পাশাপাশি তিলকও হাত ঘুরিয়ে দিতে পারেন। প্রয়োজনে অভিষেক বা রিঙ্কুকেও ব্যবহার করতে পারেন অধিনায়ক।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ (আমেরিকার বিরুদ্ধে):
-
ঈশান কিশন
-
অভিষেক শর্মা
-
তিলক বর্মা
-
সূর্যকুমার যাদব (অধিনায়ক)
-
হার্দিক পাণ্ড্য
-
অক্ষর পটেল
-
শিবম দুবে
-
রিঙ্কু সিংহ
-
অর্শদীপ সিংহ
-
জসপ্রীত বুমরাহ
-
বরুণ চক্রবর্তী



