বিশ্বকাপের আগে কোনও ঝুঁকি নয়! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি–২০-তে বদলের ইঙ্গিত, কেমন হতে পারে টিম ইন্ডিয়ার একাদশ?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জয়ের পরও সতর্ক টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে দ্বিতীয় টি–২০-তে একাদশে একাধিক বদল হতে পারে, নজরে ফর্ম ও কম্বিনেশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি–২০ সিরিজের প্রথম ম্যাচ অনায়াসেই জিতে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। কিন্তু বিশ্বকাপের আগে স্বস্তির জায়গায় নেই ভারতীয় শিবির। একাধিক তারকা এখনও ফর্মের চূড়ায় নন, আবার দলে কিছু জায়গায় স্পষ্ট খামতিও চোখে পড়ছে। সেই কারণেই প্রতিটি ম্যাচকে ‘ফাইনাল’-এর মতো গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। শুক্রবার রায়পুরে দ্বিতীয় ম্যাচে একাদশে একাধিক বদল আসতে পারে বলেই ইঙ্গিত মিলছে।

ওপেনার হিসেবে অভিষেক শর্মা এখন কার্যত অপ্রতিদ্বন্দ্বী। নাগপুরে মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি করে তিনি প্রমাণ করেছেন, কেন টি–২০ ক্রিকেটে তাঁকে ‘ফার্স্ট বয়’ বলা হচ্ছে। এই নিয়ে আটবার ২৫ বল বা তার কমে অর্ধশতরান করলেন তিনি—ভারতীয় ব্যাটিংয়ের প্রধান ভরসা এখন অভিষেকই।

অন্য প্রান্তে অবশ্য কিছুটা চাপে সঞ্জু স্যামসন। দীর্ঘদিন পর দলে ফিরে প্রথম ম্যাচে রান পাননি তিনি। ফলে শুক্রবার রায়পুরে ফর্মে ফেরার চাপ থাকছে ভারতীয় উইকেটরক্ষকের উপর।

দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন ম্যাচে ব্যর্থ হয়েছেন ঈশান কিষান। ব্যাটে রান পাননি, ফিল্ডিংয়েও একটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছেন। তবু তিনি বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন। তিলক বর্মা পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত ঈশানকেই সুযোগ দেওয়ার পথে ম্যানেজমেন্ট।

অধিনায়ক সূর্যকুমার যাদব আগের ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও এখনও সেই বিধ্বংসী ইনিংসের অপেক্ষা। রায়পুরে বড় রানের আশায় নামবেন তিনি। তবে অধিনায়ক হিসেবে তাঁর সিদ্ধান্ত ও মাঠের নেতৃত্ব নিয়ে কোনও প্রশ্ন নেই।

পাঁচ নম্বরে থাকছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। আগের ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু করেছিলেন তিনি, বল হাতেও ছন্দে রয়েছেন।

শেষের দিকে আবারও বড় ভরসা রিঙ্কু সিং। প্রত্যাবর্তন ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন তিনি। দুর্দান্ত ফিনিশে দলকে নিরাপদ স্কোরে পৌঁছে দেন। শুক্রবারও তাঁর কাঁধেই থাকবে বাড়তি দায়িত্ব।

সাত নম্বরে ব্যাট করতে পারেন শিবম দুবে। ব্যাট হাতে সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও, বল হাতে তিনি নিয়মিত অবদান রাখছেন।

আট নম্বরে ফিট থাকলে খেলতে পারেন অক্ষর প্যাটেল। তবে আগের ম্যাচে চোট পাওয়ায় তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে দলে ঢুকতে পারেন কুলদীপ যাদব—যার ফলে ব্যাটিং কিছুটা দুর্বল হবে।

স্পিন আক্রমণের অন্যতম ভরসা বরুণ চক্রবর্তী। প্রথম ম্যাচে জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। শুক্রবারও সূর্যের ট্রাম্প কার্ড হতে চলেছেন বরুণ।

পেস বিভাগে অর্শদীপ সিং প্রথম ম্যাচে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছিলেন। সুযোগ পেলেই নিজেকে উজাড় করে দেন তিনি। যদিও ব্যাটিং শক্তিশালী করতে ম্যানেজমেন্ট হর্ষিত রানা-র কথা ভাবতে পারে।

সবশেষে নজর থাকবে যশপ্রীত বুমরাহ-র দিকে। এখনও নিজের সেরা ফর্মে নেই তিনি, তবে দীর্ঘ বিশ্রামের পর ধীরে ধীরে ছন্দে ফেরার প্রত্যাশাতেই তাকিয়ে টিম ইন্ডিয়া।

বিশ্বকাপের আগে এই সিরিজ তাই শুধু জয় নয়—ফর্ম, কম্বিনেশন ও আত্মবিশ্বাস খোঁজার মঞ্চ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর