শুল্ক কমিয়ে বার্তা ট্রাম্পের, পাল্টা কূটনৈতিক জবাব মোদীর—ভারত-আমেরিকা বাণিজ্যে নতুন অধ্যায়

ভারতীয় পণ্যে শুল্ক ২৫ থেকে ১৮ শতাংশে নামানোর ঘোষণা ট্রাম্পের। বাণিজ্যচুক্তি নিয়ে কৃতজ্ঞতা জানালেন মোদী, তেল আমদানি নিয়ে নতুন সমীকরণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বরফ গলল ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কে। ভারতীয় পণ্যে শুল্ক কমানোর বড় ঘোষণা করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানালেন, দুই দেশের মধ্যে একটি বাণিজ্যচুক্তিতে সম্মতি হয়েছে—যার ফলে ভারতীয় পণ্যের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমে হচ্ছে ১৮ শতাংশ। এই ঘোষণার পাল্টা প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা ও কৌশলী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ট্রাম্পের দাবি, এই চুক্তির অঙ্গ হিসেবেই ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। তার পরিবর্তে আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে জ্বালানি আমদানির পথে হাঁটবে নয়াদিল্লি। পাশাপাশি, আগামী দিনে আমেরিকা থেকে প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এনার্জি, প্রযুক্তি এবং অন্যান্য পণ্য কিনবে ভারত—এমন দাবিও করেছেন ট্রাম্প।

এই ঘোষণার আগে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্গিয়ো গর সোশ্যাল মিডিয়ায় জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ফোনে কথা হয়েছে। সেই বার্তার পরই ট্রুথ সোশ্যালে নিজের অবস্থান স্পষ্ট করেন ট্রাম্প এবং বাণিজ্যচুক্তির কথা প্রকাশ্যে আনেন।

শুল্ক কমানোর ঘোষণাকে স্বাগত জানিয়ে এক্স (সাবেক টুইটার)-এ মোদী লেখেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতের পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে—এই ঘোষণার জন্য ভারতের ১.৪ বিলিয়ন মানুষের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ। শান্তির জন্য তাঁর প্রচেষ্টাকে ভারত সম্পূর্ণ সমর্থন করে।” এই বার্তায় যেমন কৃতজ্ঞতা রয়েছে, তেমনই রয়েছে কূটনৈতিক ভারসাম্য।

প্রসঙ্গত, ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই মতভেদ চলছিল। রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিল ওয়াশিংটন। পাল্টা অবস্থান স্পষ্ট করে মোদী জানিয়েছিলেন—‘দেশের স্বার্থ সবার আগে’। সেই অবস্থানে অনড় থাকায় ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবুও পিছু হটেনি নয়াদিল্লি। বরং দেশবাসীকে ভারতীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

শেষ পর্যন্ত দুই পক্ষই সমঝোতার পথে হাঁটল। শুল্ক কমানো নিয়ে ট্রাম্পের ঘোষণায় যেমন বাণিজ্যিক স্বস্তি, তেমনই মোদীর প্রতিক্রিয়ায় স্পষ্ট—এই সমঝোতাও ভারতের স্বার্থের সীমার মধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত