কোটা সংস্কার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জুড়ে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। এবার সেই আঁচ গিয়ে পড়ল আন্তর্জাতিক বাণিজ্যে। শনিবার থেকে দেশজুড়ে লাগু করা হয়েছে কারফিউ। ফলে সকালের পর প্রতিবেশী দেশে রফতানি বন্ধ করা হয়েছে। আমদানির পরিমাণও বেশ কমেছে।সীমান্তে সারি সারি দাঁড়িয়ে পণ্যবোঝাই ট্রাক। যার ফলে সমস্যায় পড়েছে পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা। ধাক্কা খেতে চলেছে সে দেশের অর্থনীতিও।
পেট্রাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর। এখান থেকেই স্থলপথে বাংলাদেশের সঙ্গে বেশির ভাগ বাণিজ্য চলে। তবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সবচেয়ে ধাক্কা খেতে চলেছে এই সীমান্ত বাণিজ্য। পেট্রাপোল বন্দরে শনিবার সকালের দিকে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও বাংলাদেশের যাত্রী প্রবেশ একেবারেই বন্ধ। যার ফলে সমস্যায় পড়েছে পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা।



বাংলাদেশের অশান্তির আঁচ ভারতের বাণিজ্যে, বাংলার সীমান্তে বন্ধ আমদানি-রফতানি
ক্রমেই বাংলাদেশের কোটা বিরোধিতায় ছাত্র আন্দোলন বিশাল রূপ নিচ্ছে। পুলিশ-প্রশাসনের সঙ্গে আন্দোলনকারী পড়ুয়াদের সংঘর্ষে শনিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৫ জনের। শুক্রবার রাত থেকে বাংলাদেশে জারি করা হয়েছে কারফিউ। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। যার জেরে সংকটে বাণিজ্য।



তবে এদিন পেট্রাপোল ক্লিয়ারিং ফরোয়ার্ডিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘‘শনিবার সকালে রফতানি শুরু করা হলেও পরে ল্যান্ড পোর্ট অথরিটির এর সঙ্গে কথা বলে রফতানি বন্ধ করা হয়েছে।’’ এছাড়াও বলেন “পণ্য পাঠানোর জন্যে ওপারে পানাপোলের লোকজনের সঙ্গে যোগাযোগ করছিলাম। কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার জন্যে যোগাযোগ করা যায়নি।”







