কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ।আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখনও পর্যন্ত বাংলাদেশে ১০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। এমতাবস্থায় সামনের অক্টোবর মাসে বাংলাদেশে কি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব? চিন্তায় ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিল (ICC)।
আইসিসি সূত্রে খবর, তাঁরা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিকে নজরে রেখেছে। এই মুহূর্তে দেশব্যাপী কার্ফু জারি রয়েছে। বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার। যার জেরে গোটা বিশ্বের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। ঢাকার রাজপথে টহল দিচ্ছে সেনাবাহিনীর ট্যাঙ্ক। এই পরিস্থিতি কবে শান্ত হবে তা বলা মুশকিল। এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় মাত্র তিন মাস। নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকলে অন্যান্য দেশগুলো বাংলাদেশে খেলতে আসতে চাইবে না, সেটাই স্বাভাবিক।



এই মুহূর্তে শ্রীলঙ্কায় চলছে মেয়েদের এশিয়া কাপ। সেখানে অংশ নিয়েছে বাংলাদেশ। গ্রুপ বি-তে রয়েছে তাঁরা। আজ, শনিবার শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচ রয়েছে বাংলাদেশের। এশিয়া কাপ শেষ হলেই বিশ্বকাপের তোড়জোড় শুরু হয়ে যাবে। এশিয়া কাপে ইতিমধ্যেই পাকিস্তানকে হারিয়েছে ভারতের মেয়েরা।
অশান্ত বাংলাদেশ, পদ্মাপাড়ে মেয়েদের T-20 বিশ্বকাপ কীভাবে হবে? চিন্তায় ICC



মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৩ অক্টোবর থেকে। চলবে সেই মাসেরই ২০ তারিখ পর্যন্ত। দু’টি মাঠে সব খেলা হবে, ঢাকা ও সিলেটে। মোট ১৮ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়া সর্ব্বোচচ ৬ বার ট্রফি জিতেছে। ভারত পায়নি একবারও। এখন, আগামী দিনে পরিস্থিতি কী হয়, বাংলাদেশে আদৌ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে কিনা সে বিষয়ে কিছুটা হলেও চিন্তায় আইসিসি।







