নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, একথা বারবারই জানিয়েছেন বিশেষজ্ঞরা। করোনার তৃতীয় ধাক্কায় ক্ষতি হবে শিশুদেরও। চিকিৎসকদের মতে, ৫ থেকে ১২ বছরের শিশুদের মধ্যে ভাইরাসের প্রভাব বেশি পড়বে। সেক্ষেত্রে বাবা-মায়ের থেকে সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখন পর্যন্ত দেশে শিশুদের জন্য কোনও টিকা নেই।
আরও পড়ুনঃ কবি জয় গোস্বামীর শারীরিক অবস্থা উদ্বেগজনক! আইসিইউ-তে লড়ছেন কবি।


তৃতীয় ঢেউয়ের থেকে ছোটদের রক্ষা করতে গেলে এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এমন পরিস্থিতিতে এবার শিশুদের জন্য টিকার ট্রায়াল শুরু করতে চলেছে ভারত বায়োটেক। খুব শীঘ্রই দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়াল শুরু করবে এই সংস্থা।
নীতি আয়োগের সদস্য ভি.কে পল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আগামী ১২ দিনের মধ্যেই শিশুদের ওপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হবে। ভি.কে পল বলেন, “কোভ্যাক্সিন ডিসিজিআই অনুমোদন পেয়েছে। আগামী ১০-১২ দিনের মধ্যেই ২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর ট্রায়াল শুরু হবে এই ভ্যাকসিনের।”
গত ১১ মে শিশুদের ওপর টিকার ট্রায়ালের জন্য ভারত বায়োটেককে অনুমোদন দিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল বোর্ড। জানা গিয়েছে, সংস্থাকে কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্বের ট্রায়ালের সম্পূর্ণ তথ্য জমা দিয়ে তবেই তৃতীয় পর্বের জন্য কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।









