নজরবন্দি ব্যুরো: লোকসভায় বিপক্ষে অভিষেক দাঁড়ালেও দ্বিগুণ ভোটে হারাব, হুঙ্কার দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন সুকান্ত। সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন বিজেপি রাজ্য সভাপতি।
আরও পড়ুন: সমাজবিরোধীদের মদত দিচ্ছে হাইকোর্ট! SSKM থেকে বেরিয়ে মন্তব্য অভিষেকের


তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার এসএসকেএমে নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। আঙুল তুলেছেন আদালতের দিকেও। অভিষেকের মতে, বিজেপিই রাজনৈতিক ভাবে না লড়াই করতে পেরে সন্ত্রাস করছে, কাজে লাগাচ্ছে আদালতকে, কিন্তু ভোটে মানুষের ব্যাপক সমর্থন পেয়ে শেষমেশ জিতেছে তৃণমূল। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘আগেরবার লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীকে ৩৪ হাজার ভোটে হারিয়েছিলাম। আর এবার দ্বিগুণ ভোটে হারাব। যদি ক্ষমতা থাকে উনি (পড়ুন অভিষেক) বালুরঘাট থেকে দাঁড়াক, ওনাকেও ৩৪ হাজারের দ্বিগুণ ভোটে হারাব’।
![]()
অন্যদিকে, বিজেপির ভোট শতাংশ পঞ্চায়েত ভোটে কমেছে বিষয়ে সুকান্তর বক্তব্য, ‘ভোট শতাংশ নিয়ে তুলনা করতে গেলে গত পঞ্চায়েতের সঙ্গে এবারের পঞ্চায়েতের তুলনা হওয়া উচিৎ কিংবা লোকসভার সঙ্গে লোকসভার। এখানে বিধানসভার সাথে পঞ্চায়েতের তুলনা হচ্ছে। তৃণমূলের শিয়রে বিপদ। ভোটের নামে যে প্রহসন হয়েছে সেটা গোটা দেশ জানে। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা ট্যুইট করেছেন এই বিষয়ে। আর লুকোনোর জায়গা নেই। পাকিস্তানের পত্রিকায় ছবি বেরিয়েছে ভোট হিংসার। অভিষেকবাবু এগুলো দেখুন। এর পরে অন্তত লজ্জা হওয়া উচিৎ’।


লোকসভায় বিপক্ষে অভিষেক দাঁড়ালেও দ্বিগুণ ভোটে হারাব, দিল্লি থেকে হুঙ্কার সুকান্তর








