অসমে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই SU-30MKI, নিখোঁজ ফাইটার পাইলট

অসমের কার্বি অ্যাংলং জেলার চোখিখোলা এলাকায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই SU-30MKI যুদ্ধবিমান। দুর্ঘটনার পর নিখোঁজ এক ফাইটার পাইলট, শুরু হয়েছে উদ্ধার অভিযান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বড় দুর্ঘটনা ভারতীয় বায়ুসেনায়। অসমে ভেঙে পড়ল বায়ুসেনার একটি সুখোই SU-30MKI যুদ্ধবিমান। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ অসমের কার্বি অ্যাংলং জেলার চোখিখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় একজন ফাইটার পাইলট নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

নারেঙ্গির ডিফেন্স পিআরও সূত্রে জানা গিয়েছে, নিয়মিত উড়ান চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিমানটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে বলে প্রাথমিক অনুমান। দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী পৌঁছে যায়।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে থাকা এক ফাইটার পাইলটের খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারের জন্য জোর তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের প্রবেশও নিয়ন্ত্রণ করা হয়েছে।

ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তিশালী বহুমুখী যুদ্ধবিমান সুখোই SU-30MKI। দুর্ঘটনার কারণ প্রযুক্তিগত ত্রুটি, নাকি অন্য কোনও সমস্যা—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত