নজরবন্দি ব্যুরোঃ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় শ্রীলঙ্কার ব্লুস্টার এফসি’র মুখোমুখি হতে চলেছে জুয়ানের এটিকে মোহনবাগান। যেদিকে নজর রয়েছে আপামর ফুটবলপ্রেমী মানুষদের। উল্লেখ্য, নিজেদের দেশের ঘরোয়া লিগে প্রথম স্থান অধিকার করলেও আজকের ম্যাচে ধারে-ভারে কিছুটা এগিয়ে রয়েছে সবুজ-মেরুন শিবির।
আরও পড়ুনঃ হাঁসখালির ধর্ষণকাণ্ডে মমতার মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন নির্ভয়ার মা আশা দেবী


সমর্থকদের অনেকেই বলছেন আজ বড় ব্যাবধানে জয় তুলে নেবে তাদের দল। আজকের ম্যাচে জয় পেলেই এএফসি কাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে সামিল হবে জুয়ান ফেরেন্দোর ছেলেরা। তাই ম্যাচের বহু আগেই হট ফ্যাভারিটের ট্যাগ জিতে নিয়েছে বাগান শিবির। তবে আজ ম্যাচের শুরু থেকে রয় কৃষ্ণাকে নাও পেতে পারে দল। সেইসঙ্গে চোটের কারণে কার্যত অনিশ্চিত দলের প্রাচীর সন্দেশ ঝিঙ্গান ও কার্ল ম্যাকহিউয়ের মতো তারকারা।
তবে সেসব নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ। আজকের ম্যাচে জয় নিয়ে সম্পূর্ণ নিশ্চিত তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নব্বই মিনিট এগিয়ে থাকা খুব একটা সহজ নয়। তাছাড়া আমাদের প্রতিপক্ষ আগেই নেপাল থেকে জয়ী হয়ে এসেছে। অপরদিকে দেখতে গেলে আমরা আইএসএলে ম্যাচ হেরে এসেছি। তবে আমাদের কাছে প্রতিভাবান ফুটবলার রয়েছে। আমরা জেতার জন্য তৈরি।
সেরাটা উজাড় করে দেবো, আশ্বাস কাউকোর

তবে আজ মাঠে নামার আগে সমর্থকদের জন্য বিশেষ বার্তা দেন জনি কাউকো। তিনি বলেন, আইএসএলের ভুল্ভ্রান্তি দূরে ঠেলে ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে। আমার নিজেদের ক্ষমতা তুলে ধরতে চাই। তারজন্য আজ নিজেদের সেরাটা উজাড় করে দেব। সমর্থকদের ভালো ফলাফল উপহার দেবো।










