উচ্চ মাধ্যমিকে বড় বদল! একাদশের পরেই পদ্ধতি বদলের সুযোগ, পড়ুয়াদের সামনে নতুন পথ

একাদশে পুরনো সিলেবাসে পড়লেও দ্বাদশে সেমেস্টার পদ্ধতিতে যাওয়ার সুযোগ, ১ থেকে ১৭ এপ্রিল ‘অপশন ফর্ম’ পূরণে মিলবে নতুন শিক্ষাব্যবস্থায় প্রবেশের পথ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উচ্চ মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল শিক্ষা সংসদ। এবার একাদশ শ্রেণিতে পুরনো পাঠ্যক্রমে পড়া পড়ুয়ারাও দ্বাদশে উঠেই চাইলে সেমেস্টার পদ্ধতিতে নিজেদের স্থানান্তর করতে পারবে। অর্থাৎ, পড়ুয়াদের সামনে খুলে গেল নতুন পদ্ধতিতে পড়াশোনার সুযোগ—যা ভবিষ্যতের শিক্ষার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ।

এতদিন পর্যন্ত নিয়ম ছিল, একাদশে যে পাঠ্যক্রমে পরীক্ষা দেওয়া হয়েছে, দ্বাদশেও সেই একই পদ্ধতিতে পরীক্ষা দিতে হত। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী, তৃতীয় সেমেস্টার থেকেই পড়ুয়ারা নতুন সেমেস্টার ভিত্তিক পদ্ধতিতে যেতে পারবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।

সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, এই সিদ্ধান্ত পুরোপুরি পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। যারা নতুন সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চায়, তাদের সংসদের নির্দিষ্ট পোর্টালে গিয়ে ‘অপশন ফর্ম’ পূরণ করতে হবে।

জানা গেছে, আগামী ১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই ফর্ম পূরণের সুযোগ থাকবে। স্কুলের লগ-ইন ব্যবহার করেই আবেদন করতে হবে। সংসদের অনুমোদন মিললে তবেই পড়ুয়াদের নতুন সেমেস্টার পদ্ধতির দ্বাদশ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হবে।

অন্যদিকে, যারা পুরনো পদ্ধতিতেই পরীক্ষা দিতে চায়, তাদের কোনও আবেদন করতে হবে না। এছাড়া, যারা একাদশে উত্তীর্ণ হতে পারেনি, তারাও নতুন করে সেমেস্টার পদ্ধতিতে আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে তাদের আগের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

তবে বিষয় নির্বাচনে কিছু পরিবর্তনজনিত জটিলতা তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ, একাদশে কেউ যদি ‘ডেটা সায়েন্স’ নিয়ে পড়ে থাকে, তবে দ্বাদশের নতুন কাঠামোয় সেটির পরিবর্তে ‘এআই অ্যান্ড ডেটা সায়েন্স’ বিষয়টি বেছে নিতে হতে পারে।

সংসদের দাবি, এই পরিবর্তনের ফলে পড়াশোনা আরও সহজ ও আধুনিক হবে, যা ভবিষ্যতের উচ্চশিক্ষা ও কর্মজীবনের সঙ্গে বেশি প্রাসঙ্গিক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর