নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট তলব হাইকোর্টের। একসময় তিনি ছিলেন রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী। সেই অনুযায়ী ‘জেড প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন রাজ্যের তরফে। কিন্ত সময় পাল্টেছে। দলবদল করে পদ্ম শিবিরে নাম লিখিয়ে আজ তিনি রাজ্যের বিরোধী দলনেতা। আর দলবদলের আগেই রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর বিজেপি-তে যোগ দেওয়ার কয়েক সপ্তাহ পরে গত জানুয়ারিতে ‘পর্যাপ্ত নিরাপত্তা’র দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন শুভেন্দু।
আরও পড়ুনঃ কথা অনুযায়ী কাজ, নবান্নে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর।


রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পরে চলতি মাসে হাই কোর্টে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার তাঁকে একজন পূর্ণমন্ত্রীর সমতুল নিরাপত্তা দেয়নি। সাংবিধানিক বিধি অনুযায়ী যা তাঁর প্রাপ্য। এখনও তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তার উপর নির্ভর করতে হচ্ছে। এবার সেই মামলার শুনানিতে রাজ্যকে কড়া বার্তা দিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
আজ এই মামলার শুনানিতে বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দেন রাজ্যে কারা কারা সরকারি নিরাপত্তা পান, কী কারণে শুভেন্দুকে নিরাপত্তা দিয়েছিল রাজ্য সরকার এবং কী কারণেই বা রাজ্য তা তুলে নিল সবকিছু জানিয়ে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারে রাজ্য পুলিশের ডিজি-কে আদালতের কাছে জমা দিতে হবে রিপোর্ট।
শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আজ মামলার শুনানির শুরুতেই বিচারপতি প্রসাদ প্রশ্ন করেন জেড ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া শুভেন্দুর কেন অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন? সওয়াল জবাবের পর শুনানিতে প্রসাদ বলেন “‘তিনি (শুভেন্দু) একজন রাজনৈতিক নেতা। কোনও সরকারি কর্মচারী নন। শক্তিশালী বিরোধী দলের নেতা। এটাও রাজ্যকে মনে রাখতে হবে। মানুষকে সাহায্য করতে বিভিন্ন জায়গায় যাবেন। সে ক্ষেত্রে কেন রাজ্যের সঙ্গে যোগাযোগ থাকবে না। আগামীকালই বিষয়টি জানাতে হবে রাজ্যকে।” এখন দেখার এই নিয়ে রাজ্য কি রিপোর্ট দেয় হাইকোর্টকে।









