কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আরও জোরালো করল আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। কলকাতায় মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হতে পারে, অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত। শুক্রবার রাতেও কলকাতার একাধিক এলাকায় প্রবল বর্ষণ হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজধানী শহরে মাঝেমধ্যেই বৃষ্টি নামবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে।
আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবারের পর থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে তার আগে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে বর্ষাকালীন অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যা উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে।
সমুদ্রও রয়েছে উত্তাল। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। সেই কারণে শনিবার পর্যন্ত ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.২ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির প্রভাব অব্যাহত থাকায় আগামী কয়েক দিন তাপমাত্রাও স্বাভাবিকের নীচেই থাকার সম্ভাবনা রয়েছে।



