রথযাত্রার দিনেও রেহাই নেই! উত্তরবঙ্গে ৩ জেলায় লাল সতর্কতা, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

জোড়া ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট। রথযাত্রার দিন উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভারী বর্ষণের আশঙ্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রথযাত্রার উৎসবের মধ্যেও স্বস্তির খবর নেই আবহাওয়ায়। জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, বর্তমানে অসম এবং বাংলাদেশের উপর দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই গোটা রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

রবিবার সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টি?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। রথযাত্রার দিন উপকূল ও উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে ৩ জেলায় লাল সতর্কতা

উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্তও সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

কলকাতার জন্য আপাতত কোনও বিশেষ সতর্কতা জারি হয়নি। আগামী সাত দিন শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রথযাত্রার দিন এবং তার পরের দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭৮ শতাংশ ছিল।

আগামী বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা থাকলেও, আপাতত রথযাত্রার উৎসব বৃষ্টির সঙ্গেই কাটতে চলেছে বলে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন