বারুইপুর ধর্ষণ-খুন মামলার তদন্তে আরও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন করল পুলিশ প্রশাসন। তদন্তের গতি বাড়াতে এবং মামলার প্রতিটি দিক আরও গভীরভাবে খতিয়ে দেখতে এবার ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়ের হাতে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এই নিয়ে মামলার তদন্তকারী অফিসার দ্বিতীয়বার বদল করা হল। এরই মধ্যে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচার এবং সুবিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ঘটনার পরপরই মামলার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছিল। প্রথমে তদন্তের দায়িত্বে ছিলেন জেলা পুলিশের আধিকারিক দিগন্ত মণ্ডল। পরে সেই দায়িত্ব দেওয়া হয় জয়ন্ত পোদ্দারকে। এবার তদন্তের নেতৃত্বে আনা হল ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়কে।
পুলিশ সূত্রের দাবি, মামলার সংবেদনশীলতা এবং একাধিক দিক একসঙ্গে খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে কোনও তথ্য বা প্রমাণ যাতে বাদ না যায়, সেই লক্ষ্যেই অভিজ্ঞ আধিকারিকের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
এদিকে, ধর্ষণ ও খুনের ঘটনার পর নির্দোষ ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনিতে হত্যার মামলাতেও তদন্ত এগোচ্ছে। সেই ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম শামিম আলি খান। তদন্তকারীদের দাবি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে।
তদন্তে উঠে আসা একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় থাকা ইন্দ্রজিৎ মণ্ডলকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন শামিম আলি খান। সেই ফুটেজকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, বারুইপুরের এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা এখন তদন্তাধীন। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগের পাশাপাশি নির্দোষ ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনিতে হত্যার মামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর, রেললাইন অবরোধ ও ক্ষতিগ্রস্ত করার অভিযোগ এবং অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার মৃত্যুর ঘটনাও পৃথকভাবে তদন্ত করা হচ্ছে। এনকাউন্টার মামলার তদন্তভার রয়েছে সিআইডির হাতে, অন্যদিকে ধর্ষণ-খুন মামলায় কাজ করছে বিশেষ তদন্তকারী দল (SIT)।
একাধিক তদন্ত একসঙ্গে চলায় পুলিশ প্রশাসন চাইছে প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে। সেই লক্ষ্যেই তদন্তকারী অফিসার বদলের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



