মুম্বই ছাড়ছেন হার্দিক? অশ্বিনের রহস্যময় পোস্টে চেন্নাই জল্পনায় নতুন মাত্রা

রবিচন্দ্রন অশ্বিনের রহস্যময় পোস্ট ঘিরে শুরু জল্পনা। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে হার্দিক পাণ্ডিয়ার চেন্নাই সুপার কিংসে যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএলে হতাশাজনক মরসুমের পর নতুন করে শুরু হয়েছে জল্পনা— মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে কি শেষের পথে হার্দিক পাণ্ডিয়ার অধ্যায়? দলগত ব্যর্থতা ও নেতৃত্ব নিয়ে প্রশ্নের মাঝেই প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে চর্চা তুঙ্গে। অনেকেরই অনুমান, চেন্নাই সুপার কিংসের সঙ্গে হার্দিকের নাম জুড়ে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এবারের আইপিএলে প্রত্যাশা পূরণ করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। দল লিগ পর্ব শেষ করেছে নবম স্থানে। স্বাভাবিকভাবেই অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়ার পারফরম্যান্স ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

এই আবহেই সমাজমাধ্যমে এক ক্রিকেটপ্রেমী প্রশ্ন করেন— যদি মাথিশা পাথিরানাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি চেন্নাই সুপার কিংস তাঁর জন্য ঝাঁপানো উচিত? সেই পোস্ট শেয়ার করে রবিচন্দ্রন অশ্বিন লেখেন— ‘পাথিরানা, ০৭:০৭ এবং স্টোকস’।

এর পরেই নিজের ভাবনার ব্যাখ্যাও দেন অশ্বিন। তিনি ইঙ্গিত দেন, ওপেনিং বিভাগ ঠিক রয়েছে। মিডল অর্ডার ও ফিনিশিংয়ে নতুন ভাবনার জায়গা আছে। সেখানে ‘দুবে ও ০৭:০৭’ উল্লেখ করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। পাশাপাশি জেমি ওভারটন ও বেন স্টোকসকে নিয়ে দলে ভারসাম্যের কথাও বলেন।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘০৭:০৭’ প্রসঙ্গটি। নেটিজেনদের একাংশের দাবি, এটি আসলে হার্দিক পাণ্ডিয়ার দিকেই ইঙ্গিত। কারণ, একদিন আগেই হার্দিক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমন একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে মোবাইলের স্ক্রিনে সময় দেখা যাচ্ছিল— ০৭:০৭। সেই পোস্টের সঙ্গে অশ্বিনের মন্তব্য জুড়ে জল্পনা আরও বেড়েছে।

যদিও ‘৭’ সংখ্যা দীর্ঘদিন ধরেই মহেন্দ্র সিং ধোনির পরিচয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। ফলে এই ইঙ্গিত আদৌ হার্দিককে ঘিরে কি না, তা নিয়ে মতভেদ রয়েছে।

অন্যদিকে, নেতৃত্বের বিচারে হার্দিকের সময়টা খুব একটা সুখকর যায়নি। অধিনায়ক বদলের পর পাঁচবারের আইপিএলজয়ী মুম্বই ইন্ডিয়ান্স ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। সাম্প্রতিক মরসুমগুলিতে দলের ফলাফল প্রত্যাশার তুলনায় অনেকটাই নিচে নেমে গেছে।

তবে এই মুহূর্তে হার্দিক পাণ্ডিয়ার দলবদল নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি। অশ্বিনের পোস্ট এবং সমাজমাধ্যমের ব্যাখ্যা থেকেই তৈরি হয়েছে জল্পনা। শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয় কি না, সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন