নজরবন্দি ব্যুরো: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। রুটের একটি অংশ নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। মঙ্গলবার আদালতে এই আবেদন খারিজ হয়ে গেল। যদিও চাকরিপ্রার্থীদের জন্যও কিছু নির্দেশ জারি করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
আরও পড়ুন: বিচারকের ভর্ৎসনার পরই সক্রিয় তদন্তকারীরা! খাস কলকাতার একাধিক জায়গায় তল্লাশি CBI-এর


আগামিকাল অর্থাৎ বুধবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল রয়েছে। হাজরা মোড় থেকে কালীঘাট হয়ে হরিশ মুখার্জি রোড দিয়ে আবার হাজরা পর্যন্ত মিছিলের আবেদন জানিয়েছিল চাকরিপ্রার্থীরা। তবে পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। রাজ্য আদালতে জানায়, ওই এলাকায় মিছিল হলে যানজট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মিছিলের রুটের কিছু অংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এরপর মিছিলের রুট পরিবর্তন করে হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছিলেন, থিয়েটার রোড থেকে শুরু করে ক্যামাক স্ট্রীট, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড় হয়ে হাজরায় মিছিল শেষ হবে।

বিচারপতির এই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। আবেদন করা হয়, ক্যামাক স্ট্রীট এলাকায় স্কুল রয়েছে। কয়েকটি নামও উল্লেখ করা হয়। মিছিল হলে পড়ুয়ারা সমস্যায় পড়তে পারে। তাই রুট বদল করার আর্জি জানিয়েছিল রাজ্য। বলে রাখা ভাল, এই রাস্তাতেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস রয়েছে। এদিন আদালতে বিচারপতি রাজ্যের আইনজীবীকে বলেন, “আপনাদের বলা কোনও স্কুল ক্যামাক স্ট্রীটে নেই। এটা কোনও বিক্ষোভ সমাবেশ নয়, ওখানে কেউ বসবে না। তাঁরা মিছিল করে চলে যাবেন। তাঁদের মিছিল যাতে যেতে পারে, পুলিশ সেই ব্যবস্থা করবে।”



রাজ্যের আর্জি খারিজ করে আদালত চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন, মিছিল শান্তিপূর্ণভাবে যাতে হয় সেদিকে খেয়াল করতে হবে উদ্যোক্তাদের। মিছিলের জন্য প্রয়োজনীয় পুলিশি বন্দোবস্ত রাখতে হবে এবং প্রয়োজনে চ্যানেল পাস করাতে হবে বলেও মন্তব্য করেন বিচারপতি।
Group-D চাকরিপ্রার্থীদের মিছিল যাবে অভিষেকের অফিস ছুঁয়ে! ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের









