গণনার পরেও রিপোল? ফলতা নিয়ে নজিরবিহীন পথে হাঁটতে পারে কমিশন

ফলতায় একাধিক বুথে অস্বাভাবিক ভোট ও প্রযুক্তিগত অভিযোগ ঘিরে জোর জল্পনা—গণনার পরেও রিপোলের সম্ভাবনা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দক্ষিণ ২৪ পরগনার ভোট-পরিস্থিতিতে নতুন মোড়—Falta কেন্দ্রকে ঘিরে এমন এক সিদ্ধান্তের জল্পনা, যা আগে খুব কমই দেখা গেছে। অভিযোগের পাহাড় জমলেও এখনও সেখানে পুনর্নির্বাচন হয়নি। তবে সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজন হলে গণনার পরেও রিপোলের পথে হাঁটতে পারে নির্বাচন কমিশন

এখনই যেখানে মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচন চলছে, সেখানে ফলতায় সিদ্ধান্তহীনতা আরও কৌতূহল বাড়াচ্ছে। কমিশনের অন্দরে আলোচনা—আইন অনুযায়ী প্রয়োজনে ভোটগণনার পরেও পুনর্নির্বাচন করা সম্ভব, এবং সেই নজিরবিহীন পথেই এগোনো হতে পারে।

সূত্রের দাবি, কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি। এমনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না যে, গণনার আগের দিনই রবিবার পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হতে পারে। ইতিমধ্যেই ফলতা সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে, তবে তাতে সিদ্ধান্ত ঝুলে থাকায় শেষ মুহূর্তে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে।

ফলতাকে ঘিরে উদ্বেগের কারণও কম নয়। অভিযোগ উঠেছে, একাধিক বুথে ১০০ শতাংশ ভোট পড়েছে—যা স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ায় বিরল। শুধু তাই নয়, কোথাও ইভিএমে টেপ লাগানো ছিল, কোথাও আবার সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ উঠেছে। ওয়েবকাস্টিংয়ের তথ্যও নেটওয়ার্ক সমস্যার কারণে নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছয়নি বলে জানা যাচ্ছে।

কমিশনের কর্তারা ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসারদের নথি খতিয়ে দেখছেন। সেখানে দেখা যাচ্ছে, দুপুর ১টার মধ্যেই ৫৮ শতাংশের বেশি ভোট পড়ে গিয়েছিল। সন্দেহজনক বুথের সংখ্যাও কম নয়—প্রায় ৩০টির কাছাকাছি বুথ নিয়ে প্রশ্ন উঠেছে।

সব মিলিয়ে, ফলতা এখন কমিশনের নজরে ‘সংবেদনশীল’ কেন্দ্র। গণনার আগে না পরে—ঠিক কোন সময়ে সিদ্ধান্ত আসবে, সেটাই এখন বড় প্রশ্ন। তবে পরিস্থিতি বলছে, প্রয়োজন হলে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত