নজরবন্দি ব্যুরোঃ আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা। দেশে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ ইঙ্গিত দিচ্ছে আরও এক নতুন ঢেউয়ের। চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে কি না, কেন্দ্রের তরফে ঘোষণা না করলেও, করোনা ঘিরে ফের উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। জুনের শুরু থেকেই ধীর গতিতে বাড়ছিল আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুনঃ দেশে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত, কলকাতায় লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ!


মাসের শেষে তা ১৯ হাজার ছুঁইছুঁই! বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। যা গতকালের থেকে অনেকটা বেশি। এর মধ্যে শুধু কেরলেই আক্রান্ত ৪ হাজারের বেশি।

মহারাষ্ট্রের অবস্থাও তথৈবচ। নতুন করে চিন্তা বাড়াচ্ছে তামিলনাড়ু। সবচেয়ে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪.১৬ শতাংশ। গত সপ্তাহের পজিটিভিটির রেট ৩.৭২ শতাংশ।



একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৯ জন। গত কয়েক দিনের মধ্যে এটিই সর্বোচ্চ দৈনিক মৃত্যু। বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার ৪.১৬ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৫৫৫ জন।

দেশে চতুর্থ ঢেউ এর আশঙ্কা! হু হু করে বাড়ছে পজিটিভিটি রেট
এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ২২ হাজার ৪৯৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ৮২৭ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৫ শতাংশ।







