নজরবন্দি ব্যুরো: একদিকে মেঘভাঙা বৃষ্টি! অন্যদিকে, সিকিমের হড়পা বানে উদ্বেগজনক পরিস্থিতি। সবমিলিয়ে বর্তমানে তছনছ গোটা সিকিম। শিলিগুড়ি, জলপাইগুড়িসহ গোটা উত্তরবঙ্গেও বন্যার আশঙ্কা। ফুঁসছে তিস্তা। ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি। শুধু তাই নয়, ভেসে গিয়েছে বেশ কয়েকটি সেনা ছাউনিও। নিখোঁজ হয়ে গিয়েছেন সেনার ২৩ জওয়ান। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। কালিম্পং, দার্জিলিংয়ের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে সিকিমের।
আরও পড়ুন: ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, জলে ডুবে বেহালা-দমদম, তীব্র যানজটে দুর্ভোগের আশঙ্কা


জানা যাচ্ছে, বহু পর্যটক আটকে রয়েছেন সিকিমে। তবে কতজন আটকে আছেন এখনও জানা যায়নি। ইতিমধ্যেই এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অন্যদিকে, উত্তরবঙ্গ নিয়ে মুখ্যসচিবকে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী! উত্তরবঙ্গের পরিস্থিতির ওপর বিশেষ ভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য এবং আইএএস আধিকারিকেরা।

এদিকে, সিকিমের এই ভয়ংকর অবস্থা দেখে রীতিমত উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে সিকিম প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন তিনি লিখেছেন, “সিকিম সরকার চাইলে সব রকমভাবে পাশে রয়েছি।”



জানা গিয়েছে, ২৪ ঘণ্টার জন্য নবান্নের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী খোদ এই বিষয়টি তদারকি করছেন। ০৩৩-২২১৪৩৫২৬ ও ১০৭০-এই নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়াও পর্যটন দফতরের তরফেও চালু হয়েছে কন্ট্রোল রুম। ১৮০০-২১২-১৬৫৫ ও ৯০৫১৮৮৮১৭১ এই দুটি নম্বর চালু হয়েছে। প্রত্যেকটি জেলার জন্য এই নম্বর চালু করা হয়েছে।
পুজোর মুখে বন্যার আশঙ্কা বাংলায়, কন্ট্রোল রুম খোলা হল নবান্নে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



