ভারতে FIFA বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ধোঁয়াশা, দূরদর্শনও সরে দাঁড়াল— খেলা দেখবেন কোথায়?

FIFA বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে ভারতে সম্প্রচার স্বত্ব নিয়ে অনিশ্চয়তা। আদালতে জানাল দূরদর্শন— তাদের দায়িত্ব নয় রাইটস কেনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ শুরু হতে আর বেশি দেরি নেই। আগামী ১২ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে FIFA World Cup 2026। কিন্তু বিশ্বজুড়ে উন্মাদনা বাড়লেও ভারতে এখনও স্পষ্ট নয়— দর্শকরা কোথায় এই বিশ্বকাপ দেখতে পারবেন। সম্প্রচার স্বত্ব নিয়ে অনিশ্চয়তা ঘিরে উদ্বেগে ফুটবলপ্রেমীরা।

সূত্রের খবর, FIFA প্রথমে ২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের জন্য ভারতের মিডিয়া রাইটসের মূল্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছিল। তবে ভারতীয় সম্প্রচার সংস্থাগুলির আগ্রহ প্রত্যাশার তুলনায় কম থাকায় পরে সেই মূল্য কমিয়ে প্রায় ৩৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়।

এরপর বাজারে খবর ছড়ায়, একটি বড় ভারতীয় সম্প্রচার সংস্থা প্রায় ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়। তবে সেই প্রস্তাব গ্রহণ করেনি FIFA। তারপর থেকেই ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে।

এই পরিস্থিতিতে বিষয়টি পৌঁছে যায় দিল্লি হাই কোর্টে। আদালতে একটি জনস্বার্থমূলক আবেদন জমা পড়ে, যেখানে দাবি করা হয়— দেশের সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে FIFA World Cup 2026-এর গুরুত্বপূর্ণ ম্যাচগুলি যেন সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের মাধ্যমে দেখানো হয়। আবেদনে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের পাশাপাশি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল বিনামূল্যে সম্প্রচারের দাবি জানানো হয়েছিল।

তবে আদালতে শুনানির সময় দূরদর্শনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কেনা তাদের দায়িত্ব বা পরিকল্পনার অংশ নয়। এর ফলে কার্যত পরিষ্কার হয়ে যায় যে, অন্তত এই মুহূর্তে দূরদর্শনের মাধ্যমে বিশ্বকাপ দেখানোর সম্ভাবনা নেই।

প্রশ্ন উঠছে— তাহলে জট কোথায়? বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বড় কারণ সময়সূচি। যেহেতু বিশ্বকাপের ম্যাচগুলি হবে উত্তর আমেরিকার সময় অনুযায়ী, তাই ভারতের দর্শকদের অনেক ম্যাচ দেখতে হবে গভীর রাত বা ভোরের সময়ে। এই সময়ের সম্প্রচার থেকে পর্যাপ্ত বাণিজ্যিক লাভ নিয়ে সংশয়ে রয়েছে সম্প্রচার সংস্থাগুলি। ফলে বড় অঙ্কের বিনিয়োগে অনীহা তৈরি হয়েছে।

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হলেও ভারতের ফুটবলপ্রেমীদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই— শেষ পর্যন্ত কোন প্ল্যাটফর্মে দেখা যাবে FIFA World Cup 2026?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

-Advertisement-

আরও খবর