CSK ছাড়লেন ধোনি? চোট, রাঁচি ফেরা আর অবসরের জল্পনায় তোলপাড় IPL ২০২৬

চোটের কারণে IPL ২০২৬-এ এখনও খেলেননি মহেন্দ্র সিং ধোনি। CSK ক্যাম্প ছেড়ে রাঁচি ফেরার খবরে জোরাল হয়েছে অবসর জল্পনা, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। চলতি IPL ২০২৬-এ চোটের কারণে এখনও মাঠে নামতে পারেননি তিনি, আর এর মধ্যেই সামনে এসেছে দল ছাড়ার খবর। আমেদাবাদে দলের সঙ্গে না গিয়ে রাঁচিতে ফিরে যাওয়ার খবর ঘিরে প্রশ্ন উঠছে— তা হলে কি এটাই CSK জার্সিতে ধোনির শেষ অধ্যায়?

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, টুর্নামেন্ট চলাকালীনই চেন্নাই সুপার কিংসের ক্যাম্প ছেড়েছেন ধোনি। যদিও এ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কারণ, ধোনি খেলুন বা না খেলুন— তাঁর উপস্থিতি ড্রেসিংরুমে সবসময়ই আলাদা গুরুত্ব বহন করে।

এই জল্পনার মাঝেই সামনে আসে একটি কথোপকথন। সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে মাঠে ছবি তোলার সময় ধোনির সঙ্গে দেখা হয় প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে যুক্ত রায়না মজা করেই ধোনিকে বলেন, IPL ২০২৬-কে ‘মিসড কল’ দিলে চলবে না, আগামী মরশুমে ফিরতেই হবে।

রায়নার সেই কথার জবাবে ধোনির উত্তর— ‘আমার শরীর এখনও কিছুটা দুর্বল।’ সংক্ষিপ্ত হলেও এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। রায়না অবশ্য পরে স্পষ্ট করেন, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ ধোনির ব্যক্তিগত বিষয় এবং তিনি এখনও আশা করছেন ধোনি ফের মাঠে ফিরবেন।

এর মধ্যেই অন্য সমীকরণও রয়েছে। চেন্নাই সুপার কিংসের প্লে-অফের রাস্তা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। কলকাতা, পাঞ্জাব, দিল্লি ও রাজস্থানের ফলের উপর অনেকটাই নির্ভর করছে তাদের ভাগ্য। পাশাপাশি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের সমীকরণও রয়েছে।

তাই ধোনির অধ্যায় শেষ— এমন সিদ্ধান্তে এখনই পৌঁছে যাওয়া হয়তো তাড়াহুড়ো হবে। যদি অঙ্ক মিলে যায় এবং CSK প্লে-অফে জায়গা করে নেয়, সে ক্ষেত্রে ধোনিকে আবার দলের সঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত অপেক্ষা একটাই— ধোনির পরবর্তী সিদ্ধান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর