ফলতা পুনর্নির্বাচনে বহু বুথে নেই তৃণমূল এজেন্ট, জাহাঙ্গিরকে কটাক্ষ দিলীপের

ফলতা পুনর্নির্বাচনে বহু বুথে তৃণমূলের এজেন্ট না থাকার দাবি, ভোটের দিন জাহাঙ্গির খানকে নিশানা করে বিজেপির কটাক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফলতা পুনর্নির্বাচনে ভোটের দিন রাজনৈতিক বার্তা ও বুথের বাস্তব চিত্র— দুইই উঠে এল সামনে। একদিকে ভোটের আগে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, অন্যদিকে ভোটের দিন বহু বুথে তৃণমূলের এজেন্ট না থাকার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই পরিস্থিতিতে বিজেপি শিবিরে আত্মবিশ্বাস স্পষ্ট, আর সেই আবহেই কটাক্ষ শোনা গেল রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের গলায়।

বৃহস্পতিবার সকাল থেকে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন শুরু হওয়ার পর দেখা যায়, অধিকাংশ বুথে বিজেপির এজেন্ট উপস্থিত থাকলেও বহু জায়গায় তৃণমূলের বুথ এজেন্ট দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে দাবি। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে বেশ স্বচ্ছন্দ মেজাজে দেখা যায়। ভোটকেন্দ্র ঘুরে দেখা, স্থানীয়দের সঙ্গে কথা বলা— সব মিলিয়ে তাঁর শিবিরে আত্মবিশ্বাসের ছবি ধরা পড়ে। ভোটারদের একাংশের দাবি, এদিন ভোটগ্রহণ তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই হয়েছে।

এই আবহেই জাহাঙ্গির খানকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অনেক সময় রাজনৈতিক শক্তির কথা বলা হলেও বাস্তব লড়াইয়ের সময় পরিস্থিতি আলাদা হয়ে যায়। তাঁর বক্তব্য, প্রশাসনিক সহায়তা ছাড়াও রাজনৈতিকভাবে লড়াই করার সক্ষমতা থাকতে হয়।

প্রসঙ্গত, ফলতায় তৃণমূলের হয়ে প্রার্থী করা হয়েছিল জাহাঙ্গির খানকে। নির্বাচনী প্রচারের সময় তাঁকে ঘিরে রাজনৈতিক উত্তাপও ছিল প্রবল। তবে পুনর্নির্বাচনের আগে সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, তিনি আর লড়াইয়ে থাকছেন না। যদিও তাঁর নাম ইভিএমে রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৪৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২১ হাজার ৩০০, মহিলা ভোটার ১ লক্ষ ১৫ হাজার ১৩৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন

ফলতার এই ভোট শুধুমাত্র একটি পুনর্নির্বাচন নয়, বরং রাজনৈতিক পালাবদলের পর মাঠের বাস্তব পরিস্থিতি কেমন বদলাচ্ছে— তারও এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

-Advertisement-

আরও খবর