নজরবন্দি ব্যুরোঃ গতকাল থেকেই দফায় দফায় অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে কোনরকম সহযোগীতা না করলেও ভালরকম সঙ্গ দিচ্ছে অর্পিতা। তিনি বেস কিছু তথ্য দিয়েছেন যা স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির মূল চাবি হয়ে উঠতে চলেছে। তাঁর কথার সূত্র ধরেই এদিন দুপুর ১২ টা নাগাত ইডি আধিকারিকরা হানা দিয়েছেন বেলঘরিয়ার একটি অভিজাত আবাসনে।
আরও পড়ুনঃ মমতার ছবির সঙ্গে বাজেয়াপ্ত ২১ কোটি টাকার ছবি দিয়ে পোস্টার, গ্রেফতার বিজেপির জেলা সম্পাদক



কিছুক্ষন আগেই ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। বুধবার সকাল ১১ টা ৫০ মিনিট নাগাত রথতলা এলাকার ওই অভিজাত আবাসনে পৌঁছে যান তদন্তকারীরা। তদন্তকারী দলের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তবে গিয়ে দেখা যায় ফ্ল্যাটে কেউ নেই। দরজা বাইরে থেকে লক করা। ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় চাবির খোঁজ করছে ইডি।



এদিন সকাল ১১টা নাগাত কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির তিনটি আলাদা দল সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছে। সেই দলের একটি দল পৌঁছে যায় বেলঘরিয়ার রথতলা এলাকায়। যেখানে খোঁজ মিলেছে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি বিলাসবহুল ফ্ল্যাটের। ইডির তরফে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হতে পারে বলেও সূত্রের খবর।
বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে ইডি হানা, দুর্নীতির জাল গোটাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

ইডির তিনটি দল তল্লাশি অভিযানে বের হওয়ার কিছুক্ষন আগে সিজিও কমপ্লেক্স থেকে বার করে আনা হয় রাজ্যের নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় ধৃত শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁদের দু’জনকেই জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। আজ আবার জেরা শুরুর আগে দুজনের স্বাস্থ্য সম্পর্কে রিপোর্ট হাতে চাইছে ইডি।







