দেশের মাটিতে টানা টেস্ট ব্যর্থতার ধাক্কা সামলাতে এবার বড়সড় পরিকল্পনায় নামল ভারতীয় ক্রিকেট। নতুন প্রজন্মকে লাল বলের ক্রিকেটে দক্ষ করে তুলতে বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ শুরু হয়েছে বিশেষ প্রকল্প—যার নামই এখন ক্রিকেটমহলে ঘুরছে ‘স্পেশাল ২৫’। লক্ষ্য একটাই: আগামী দিনের টেস্ট দলের শক্ত ভিত গড়ে তোলা।
এই প্রকল্প চলছে BCCI-এর অধীনে এবং তত্ত্বাবধানে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। মূল উদ্দেশ্য—দেশজ ক্রিকেট থেকে সেরা তরুণদের তুলে এনে তাঁদের দীর্ঘ ফরম্যাটের জন্য তৈরি করা।
কী এই ‘স্পেশাল ২৫’ প্রকল্প?
সরকারিভাবে এটি একটি ‘ইমার্জিং স্কোয়াড’ তৈরির উদ্যোগ। তবে শুধু কয়েকজনকে বেছে নেওয়া নয়—পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে গড়ে তোলা হচ্ছে।
প্রথম ধাপ: প্রতিভার পুল তৈরি
অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফি ও রঞ্জি ট্রফিতে-তে ভাল পারফর্ম করা প্রায় ৫০-৫৫ জন তরুণ ক্রিকেটারকে ডাকা হয়েছে। বয়সসীমা রাখা হয়েছে ২৫ বছরের নিচে। আইপিএলে থাকা খেলোয়াড়রাও পরবর্তীতে যোগ দেবেন, তবে নির্বাচনের মাপকাঠি শুধুই ঘরোয়া পারফরম্যান্স।
দ্বিতীয় ধাপ: হাই পারফরম্যান্স ক্যাম্প
বর্তমানে বেঙ্গালুরুতে চলছে ২৫ দিনের নিবিড় শিবির। এখানে কোচিং দিচ্ছেন অভিজ্ঞ নাম—ওয়াসিম জাফর থেকে হৃষিকেশ কানিতকর। সুনীল জোশী থেকে লক্ষ্মীপতি বালাজি সহ সৌরাশিস লাহিড়ী, কর্নাটকের বিনয় কুমাররা রয়েছেন।। খেলোয়াড়দের তিনটি দলে ভাগ করে দীর্ঘ সময় মাঠে রেখে প্র্যাকটিস করানো হচ্ছে—যাতে পাঁচ দিনের ম্যাচের চাপের সঙ্গে মানিয়ে নিতে পারে তারা।
কীভাবে তৈরি হচ্ছে ‘টেস্ট মেন্টালিটি’?
এই ক্যাম্পে শুধু স্কিল নয়, মানসিক দৃঢ়তাও গড়ে তোলা হচ্ছে। ‘ম্যাচ সিচুয়েশন’ ধরে কল্পিত পরিস্থিতিতে প্র্যাকটিস, সপ্তাহে দু’বার ৯০ ওভারের ম্যাচ—সব মিলিয়ে আসল টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা।
তৃতীয় ধাপ: প্রতিযোগিতা ও বাছাই
জুলাই মাসে হবে চার দলীয় একটি বিশেষ টুর্নামেন্ট। সেখানে প্রায় ৬০ জন ক্রিকেটার অংশ নেবেন। উপস্থিত থাকবেন জাতীয় নির্বাচকরা।
এই টুর্নামেন্ট থেকেই বেছে নেওয়া হবে চূড়ান্ত ‘স্পেশাল ২৫’—যাঁরা গড়বেন ‘ইমার্জিং ইন্ডিয়া স্কোয়াড’।
লক্ষ্য একটাই—টেস্ট টিম
এই ২৫ জন ক্রিকেটারই ভবিষ্যতে দেশের টেস্ট দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। তাঁদের দেশ-বিদেশে সিরিজ খেলিয়ে তৈরি করা হবে আন্তর্জাতিক স্তরের জন্য।
সব মিলিয়ে, সাম্প্রতিক ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নামল ভারতীয় ক্রিকেট। ‘স্পেশাল ২৫’ সফল হলে, আগামী দিনের টেস্ট দলে নতুন শক্তি যোগ হওয়া শুধু সময়ের অপেক্ষা।



