হাইকোর্টে কড়া পদক্ষেপ: ‘এক্তিয়ারের বাইরে’ অভিযোগে অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলার অনুমতি

ফলতা বিতর্কে নতুন মোড়—পুলিশ পর্যবেক্ষক অজয় পালের বিরুদ্ধে অভিযোগে হাইকোর্টে মামলা করার অনুমতি, ভোটের আগে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফলতা কাণ্ডে বিতর্ক থামার নাম নেই। বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবার আইনি পথে পৌঁছল। তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট—যা ভোটের মুখে নতুন করে আলোড়ন ফেলেছে রাজ্য রাজনীতিতে।

মঙ্গলবার এক আইনজীবী আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিযুক্ত ওই পুলিশ পর্যবেক্ষক তাঁর দায়িত্বের সীমা লঙ্ঘন করছেন। অভিযোগ, তিনি সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন এবং এক্তিয়ারের বাইরে গিয়ে পদক্ষেপ নিচ্ছেন। এই আবেদনের ভিত্তিতেই বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। সূত্রের খবর, দ্রুতই এই মামলার শুনানি হতে পারে।

ঘটনার সূত্রপাত দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান-এর বাড়িতে গিয়ে ‘হুঁশিয়ারি’ দেওয়ার অভিযোগ ওঠে অজয় পালের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকেই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে শাসকদল।

মঙ্গলবারও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় টহল দেন ওই পর্যবেক্ষক। অভিযোগ, যাঁদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে, তাঁদের তালিকা তৈরি করে তাঁদের বাড়িতে যাচ্ছিলেন তিনি। প্রশাসনের একটি অংশের দাবি, সেই সূত্রেই তিনি জাহাঙ্গির খানের দলীয় কার্যালয়ের আশপাশে পৌঁছন।

এই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, উল্টে সাধারণ মানুষকেই ভয় দেখানো হচ্ছে। জাহাঙ্গির খান-এর দাবি, কোনও অভিযোগ থাকলে পর্যবেক্ষকের উচিত ছিল স্থানীয় পুলিশ সুপারকে জানানো, সরাসরি হস্তক্ষেপ করা নয়।

অন্যদিকে, বিক্ষোভকারীদের বক্তব্য—ফলতার মানুষকে ভয় দেখিয়ে দমানো যাবে না। পরিস্থিতি উত্তপ্ত হলেও পরে নিয়ন্ত্রণে আসে।

সব মিলিয়ে, প্রশাসনিক আধিকারিকের ভূমিকা নিয়ে এই আইনি পদক্ষেপ ভোটের আগে নতুন মাত্রা যোগ করল। এখন নজর আদালতের পরবর্তী শুনানির দিকে—সেখানে কী নির্দেশ আসে, তা নির্ধারণ করতে পারে এই বিতর্কের ভবিষ্যৎ গতিপথ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন