ভোটের আগের রাতে ‘হানা’! ববি হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ঘিরে তীব্র বিতর্ক

ভোটের আগের রাতে ‘হানা’! ববি হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ঘিরে তীব্র বিতর্ক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের ঠিক আগের রাতে চেতলায় চাঞ্চল্য। গভীর রাতে কলকাতার মেয়র তথা প্রার্থী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষক—আর সেই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ভোটের আগে এমন ‘রাতের অভিযান’ নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল।

ফিরহাদ হাকিম নিজেই জানিয়েছেন, সোমবার রাত প্রায় পৌনে একটা নাগাদ তাঁর বাড়িতে আসে বাহিনী ও সংশ্লিষ্ট আধিকারিকরা। তাঁদের তরফে জানানো হয়, ভোটের দিন এলাকায় যেন কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিরোধী দলের এজেন্টদের বুথে বাধা দেওয়া হলে তা ভালোভাবে নেওয়া হবে না বলেও সতর্ক করা হয়।

কলকাতা বন্দরের এই প্রার্থী অবশ্য পাল্টা জানান, তাঁর এলাকায় কোনওদিন অশান্তির ইতিহাস নেই। এবারের ভোটেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেই আশ্বাস দেন তিনি। তবে একই সঙ্গে অভিযোগ করেন, অযথা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

রাতের এই ঘটনাকে ‘নকশাল আমলের’ সঙ্গে তুলনা করে ফিরহাদ হাকিম বলেন, অতীতে যেমন গভীর রাতে তল্লাশি চালানো হত, তেমনই ছবি এখন দেখা যাচ্ছে। তাঁর অভিযোগ, শান্তিপূর্ণ এলাকাতেও অযথা উত্তেজনা তৈরির চেষ্টা চলছে, যা সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টি করছে।

এ ঘটনায় তিনি সরাসরি BJP-কে নিশানা করেন। তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনীর এই ‘অতিসক্রিয়তা’ উল্টে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে এবং তা রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে।

ভোটের আগে প্রশাসনের এমন তৎপরতা এবং তার প্রতিক্রিয়া—সব মিলিয়ে চেতলার এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। এখন দেখার, ভোটের দিনে এই উত্তাপ কতটা প্রভাব ফেলে ময়দানে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর