পাকিস্তানি ক্রিকেটারদের বয়কট বিতর্কে তোলপাড় ‘দ্য হান্ড্রেড’, ভারতীয় মালিকদের দলকে কড়া বার্তা ECB-র

দ্য হান্ড্রেড লিগে পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ ঘিরে বিতর্কের মাঝে ফ্র্যাঞ্চাইজ়িগুলিকে চিঠি দিল ECB। ন্যায্যতা বজায় রাখার বার্তা বোর্ডের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ক্রিকেট মাঠের বাইরে নতুন বিতর্কে উত্তাল আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের লিগ ‘দ্য হান্ড্রেড’-এ পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। অভিযোগ উঠেছে, ভারতীয় মালিকানাধীন কয়েকটি ফ্র্যাঞ্চাইজ়িতে পাকিস্তানের খেলোয়াড়দের সুযোগ নাও দেওয়া হতে পারে। এই খবর প্রকাশ্যে আসতেই দ্রুত পদক্ষেপ করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, দ্য হান্ড্রেডের আটটি দলের মধ্যে চারটি ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজ়িতে পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। ফলে আসন্ন নিলামে পাকিস্তানের ক্রিকেটাররা সমান সুযোগ পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

জানা গিয়েছে, এবারের নিলামের জন্য পাকিস্তানের মোট ৬৭ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন। সেই পরিস্থিতিতে কোনও নির্দিষ্ট দেশের খেলোয়াড়দের বাদ দেওয়ার সম্ভাবনা সামনে আসতেই বিতর্ক ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক ক্রিকেট মহলে। অনেকেই প্রশ্ন তোলেন, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব কীভাবে একটি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগে পড়তে পারে।

বিতর্ক বাড়তেই দ্য হান্ড্রেডের আটটি ফ্র্যাঞ্চাইজ়িকে চিঠি পাঠায় ECB। সেই চিঠিতে লিগের নীতি ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, দ্য হান্ড্রেড এমন একটি প্রতিযোগিতা যেখানে বিশ্বের সব দেশের ক্রিকেটারদের জন্য দরজা খোলা।

ECB-র চিফ এক্সিকিউটিভ রিচার্ড গোল্ড জানান, বোর্ড কোনও ফ্র্যাঞ্চাইজ়িকে নির্দিষ্ট খেলোয়াড় নেওয়া বা বাদ দেওয়ার নির্দেশ দিতে পারে না। তবে প্রতিযোগিতার ন্যায্যতা ও আন্তর্জাতিক চরিত্র বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদিও সংশ্লিষ্ট কোনও সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবুও এই বিতর্ক ক্রিকেট প্রশাসন ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে জাতীয় রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর